ভারতের ছত্তিশগড়ে মাওবাদী গেরিলাদের সঙ্গে সংঘর্ষে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সিআরপিএফের দুই সদস্য নিহত এবং একজন আহত হয়েছে। পুলিশ বলেছে, মাওবাদী গেরিলা অধ্যুষিত এ রাজ্যের রাজধানী থেকে সাড়ে চারশ’ কিলোমিটার দূরবর্তী বিজাপুর জেলার একটি জঙ্গলে এ সংঘর্ষ ঘটেছে।

তল্লাশি অভিযানে নিয়োজিত সিআরপিএফের ওপর মাওবাদী গেরিলারা গুলি বর্ষণ করলে সংঘর্ষের শুরু হয়। ঘটনাস্থলেই সিআরপিএফের দুই সদস্য নিহত হয় বলে পুলিশ সূত্র থেকে জানানো হয়েছে। পরে নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবের মুখে মাওবাদী গেরিলারা জঙ্গলে পালিয়ে যায়।

ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর বাড়তি সদস্য পাঠানো হয়েছে এবং নিহত জওয়ানদের লাশ উদ্ধারের চেষ্টা চলছে। সূত্র: আইআরআইবি

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ