সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্মের নবী হযরত মোহাম্মদ (সা:)-কে নিয়ে এক পোস্টকে কেন্দ্র করে দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোর শহরে মঙ্গলবার (১১ আগস্ট) রাত থেকে ব্যাপক সহিংসতায় অন্তত ৩ জন নিহত হয়েছে। এই খবর দিয়েছে বিবিসি।
বিবিসি এশিয়ার এক রিপোর্টে বলা হয়েছে, ইসলামের নবী মোহাম্মদ (সা:) কে নিয়ে ফেসবুকে দেয়া এক পোস্টকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভে পুলিশ গুলি চালালে ওই তিনজন ব্যক্তি মারা যান।
স্থানীয় একজন রাজনীতিবিদের আত্মীয় যিনি ফেসবুকে ওই ‘আপত্তিকর’ পোস্ট দিয়েছিলেন, তার বাড়ির সামনে বিক্ষুব্ধ মানুষজন তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে বলে বিক্ষোভ করছিল।
ফেসবুকে পোস্ট দেয়া ব্যক্তিকে পুলিশ আটক করেছে, সেই সঙ্গে ১১০ জন বিক্ষোভকারীকেও গ্রেফতার করা হয়েছে।
ব্যাঙ্গালোরের পুলিশ কমিশনার কমল পন্থ জানান, “গোটা শহরেই ১৪৪ ধারা জারি হয়েছে। এছাড়া ডি জে হাল্লি এবং কে জি হাল্লি - নামে শহরের দুইটি থানা এলাকায় কারফিউ জারি করা হয়েছে।”
সহিংসতার ঘটনায় এ পর্যন্ত অন্তত ৬০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার (১২ আগস্ট) ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে’ রয়েছে বলে পুলিশ টুইট করে জানিয়েছে, পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাস এবং লাঠি চার্জের পরই কেবলমাত্র গুলি চালিয়েছে পুলিশ।
পরে কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুর খবর নিশ্চিত করেন। কর্নাটকের রাজধানী ব্যাঙ্গালোর।
এমবি





