ভারতের লোকসভায় বিতর্কিত তেলেঙ্গানা বিল পাসের প্রতিবাদে বুধবার অন্ধ্রপ্রদেশে হরতালের ডাক দিয়েছে ওয়াইএসআর কংগ্রেস।
মঙ্গলবার বিকেলে লোকসভায় তুমুল হট্টগোল ও বিক্ষোভের মধ্যেই কণ্ঠভোটে বিলটি পাস হয়। তেলেঙ্গানাকে পৃথক রাজ্যের মর্যাদা দিয়ে বিল পেশ করে ক্ষমতাসীন ইউপিএ জোট। বিলে সমর্থন জানায় বিরোধীদল বিজেপিসহ এনডিএ’র কয়েকটি শরিক দল। বিলের বিপক্ষে ভোট দেয় সিপিএম ও সমাজবাদী পার্টি। আর বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ওয়াকআউট করে তৃণমূল কংগ্রেস এবং জনতা দল ইউনাইটেড।
ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, বিতর্কিত এ বিল পাসের সময় নজিরবিহীনভাবে টিভিতে ‘সরাসরি সম্প্রচার’ বন্ধ হয়ে যায়। পার্লামেন্টের স্পিকার মীরা কুমার এ বিষয়ে জানান, একটি সমস্যার কারণে বিলটি পাসের দৃশ্য টিভিতে সরাসরি সম্প্রচার করা যায়নি।
এদিকে, বিল পাসের সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (টিআরএস) নেতারা। তেলেঙ্গানা বিল পাস হওয়াটাকে তাদের ‘রাজনৈতিক বিজয়’ বলে মন্তব্য করেন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির প্রধান অধ্যাপক চন্দ্রশেখর রাও। তিনি বলেন, আলাদা রাজ্যের দাবিতে যেসব যুবক, যুবতী আত্মাহুতি দিয়েছেন তাদের আত্মা আজ শান্তি পেল।
বিল পাসের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে বলেছেন, সীমান্ধ্র এলাকার মানুষের কল্যাণে কেন্দ্রীয় সরকার বিশেষ আর্থিক প্যাকেজ দেবে।
অন্যদিকে, বিল পাসের প্রতিবাদে পদত্যাগের হুমকি দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি। এছাড়া, তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজাশেখর রেড্ডির ছেলে ও ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগনমোহন রেড্ডি। বিল পাসের দিনটিকে ‘ইতিহাসের কালো দিন’ বলে উল্লেখ করে তিনি বলেন, অগণতান্ত্রিকভাবে বিল পাস করানো হল। তিনি বিল পাসের প্রতিবাদে আজ (বুধবার) অন্ধ্রপ্রদেশে হরতালের ডাক দেন।
তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায় টেলিভিশন সম্প্রচার বন্ধ রেখে সংসদে তেলেঙ্গানা বিল পাস করাকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে বলেন, তৃণমূল যে কোনো রাজ্য ভাগের বিরুদ্ধে।
লোকসভায় পাস হওয়ার পর তেলঙ্গানা বিল রাজ্যসভায় পাঠানো হয়েছে। আগামী দু’দিনের মধ্যে বিল রাজ্যসভায় পাস করানোর চেষ্টা করবে কেন্দ্র। সংসদের উভয় কক্ষের পাস হওয়ার পর প্রেসিডেন্ট বিলে সই করলেই দেশের ২৯তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করবে তেলঙ্গানা।
বিল অনুযায়ী, পরবর্তী পদক্ষেপ না নেয়া পর্যন্ত তেলেঙ্গানা ও সীমান্ধ্র দুই রাজ্যেরই রাজধানী হবে হায়দারাবাদ। তবে হায়দারাবাদ চণ্ডীগড়ের মতো কেন্দ্রশাসিত এলাকার মর্যাদা পাবে না। যদিও পঞ্জাব ও হরিয়ানা দুই রাজ্যের রাজধানী চণ্ডীগড় কেন্দ্রীয় শাসিত এলাকার মর্যাদা পায়।
[b]ঢাকা, ১৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আন্তর্জাতিক
লোকসভায় তেলেঙ্গানা বিল পাস, প্রতিবাদে আজ অন্ধ্রপ্রদেশে হরতাল
ভারতের লোকসভায় বিতর্কিত তেলেঙ্গানা বিল পাসের প্রতিবাদে বুধবার অন্ধ্রপ্রদেশে হরতালের ডাক দিয়েছে ওয়াইএসআর কংগ্রেস। মঙ্গলবার বিকেলে লোকসভায় তুমুল হট্টগোল





