ভারতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক বাতিল করল পাকিস্তান৷ ভারতের শর্ত মেনে বৈঠক সম্ভব নয় বলে জানিয়ে শনিবার এ ঘোষণা দিল দেশটি৷
এক বিবৃতিতে শনিবার রাতে পাক নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজ বলেন, ‘আমি মর্মাহত৷ আগামী ২৪ আগস্ট এনএসএ পর্যায়ের বৈঠক কার্যত বাতিল করে দিল ভারত৷ গত বছর ১৭ আগস্ট একতরফাভাবে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক বাতিল করে দিয়েছিল দিল্লি৷ বিচ্ছিন্নতাবাদী নেতাদের আমন্ত্রণ জানানোর ওজরে বৈঠক বাতিল করে দিয়েছিল ভারত সরকার৷’
এনএসএ পর্যায়ে বৈঠকের আগে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের বৈঠকে ডাক দেন পাক নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজ। এর তীব্র বিরোধিতা করে নয়াদিল্লি থেকে জানানো হয়, উফা সমঝোতা অনুসারে সন্ত্রাস ইস্যু নিয়েই আলোচনা চায় ভারত৷ বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতাদের সঙ্গে আজিজের বৈঠক ভারতের পক্ষে মানা সম্ভব নয়।
এ ছাড়া আলোচনায় কাশ্মীর প্রসঙ্গ থাকায় পাকিস্তানের দাবি খারিজ করে দিল্লি৷ বিষয়গুলো স্পষ্ট করার জন্য পাকিস্তানকে সময়সীমাও বেঁধে দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এর পরই বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
এই সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের উপর কোনো শর্ত আরোপ করা হয়নি বলেও জানানো হয় ভারতের তরফ থেকে।
এএইচ





