বেলজিয়ামের বিমানবন্দরে বোমা হামলার ঘটনায় পদত্যাগ করেছেন দেশটির পরিবহণ মন্ত্রী জ্যাকুলিন গালান্ট। শুক্রবার এ পদত্যাগের ঘোষণা দেন তিনি।
গত ২২ মার্চের ওই হামলায় বিমানবন্দরের নিরাপত্তা ঘাটতি সংক্রান্ত ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিবেদনের বিষয়ে তিনি মিথ্যা বলেছিলেন বলে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে সমালোচকরা গালান্টের পদত্যাগ দাবি করে আসছিলেন।
গত ২২ মার্চ ব্রাসেলসের আন্তর্জাতিক বিমানবন্দর ও একটি মেট্রো রেলস্টেশনে বোমা হামলায় ৩২ জন নিহত হয়েছিল।
বেলজিয়ামের সরকারি সম্প্রচার মাধ্যম আরটিবিএফ জানিয়েছে, প্রধানমন্ত্রী চার্লস মিশেল জ্যাকুলিন গালান্টের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এর আগে মিশেল তার দল সেন্টিস্ট পার্টি থেকেই পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া মন্ত্রী গালান্টকে ব্রাসেলস হামলার পর সমালোচকদের হাত থেকে রক্ষা করেছিলেন। ওই সময় মিশেল বলেছিলেন, এক বছর আগে ইইউ কর্মকর্তারা যে জটিল প্রতিবেদন পাঠিয়েছিল সে বিষয়ে গালান্টের কার্যালয় জানতো না।
সেন্ট্রিস্ট দলের এক এমপির বরাত দিয়ে আরটিবিএফ জানিয়েছে, গত বৃহস্পতিবার যে নথি পাওয়া গেছে, তাতে দেখা গেছে, ইইউ যে প্রতিবেদন দিয়েছিল গালান্টের কার্যালয় সেটা ভালোভাবেই জানতো।
এম আর





