ব্রাজিলে গুলি করে সোলায়মান পাটোয়ারী দুলাল (৪৫) নামের এক প্রবাসি বাংলাদেশীকে খুন করেছে সন্ত্রাসীরা।

দেশটির ব্রাসলিয়া শহরে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দুলাল নোয়াখালীর চাটখিল পৌরসভার ১নং ওয়ার্ড ফতেপুর গ্রামের মৃত সৈয়দ আহমেদ মেম্বারের ছেলে।

বিএনপির সহযোগী সংগঠন জাসাসের চাটখিল উপজেলা সভাপতি ছিলেন তিনি বলে জানা যায়।

জানা গেছে, দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সোলায়মান পাটোয়ারী দুলাল সবার বড় ছিলেন। ব্রাসলিয়া শহরে নিজের একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল তার।

প্রতিদিনের মতো বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টা (বাংলাদেশ সময় সকাল ৯টার) দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফিরছিলেন দুলাল।

এসময় বাসার কাছাকাছি একটি সড়কের মোড়ে একদল সন্ত্রাসী তাকে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়লে তিনি মাথা ও গাড়ে গুলিবিদ্ধ হন।

স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

চাঁদার দাবিতে তাকে হত্যা করা হতে পারে বলে পরিবারের সদস্য ধারণা করছেন।

মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেছেন দুলালের পরিবার।

এসএইচ/এমকে