ভারতে সোয়াইন ফ্লুতে গত তিন দিনে আরো অন্তত ১০০জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে সারাদেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৫। এ ছাড়া চলতি বছরের এখন পর্যন্ত ৮ হাজার ৪২৩ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে।
সরকারি তথ্যানুয়ায়ী, সোয়াইন ফ্লুতে রাজস্থান, গুজরাট, মধ্য প্রদেশ ও মহারাষ্ট্রে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। এতে রাজস্থানে ১৬৫, গুজরাটে ১৪৪, মধ্য প্রদেশে ৭৬ ও মহারাষ্ট্রে ৫৮ জন মারা গেছে। দিল্লী ও তামিল নাড়ুতে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি হলেও এ দুটি রাজ্যে জনসচেতনতা ও উন্নত চিকিৎসা পদ্ধতির কারণে মৃতের হার তুলনামূলক কম।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রাজস্থান ও গুজরাটের মত উপদ্রুত রাজ্যগুলোতে কেন্দ্র থেকে টিম পাঠানো এবং যথাযথ দিকনির্দেশনাও দেয়া হয়েছে।
আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এরপর কর্তৃপক্ষ সোমবার থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত স্কুল সমূহের সকল ক্লাস বন্ধ ঘোষণা করেছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ব্রিগেডিয়ার এস আহম্মদ আলীর সভাপতিত্বে শীর্ষ কর্মকর্তাদের এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ক্লাসের পাশাপাশি সেমিনার, কর্মশালাসহ সব ধরণের বৈঠক বন্ধ ঘোষণা করা হয়েছে।
এমএ





