মার্কিন সেনাবাহিনীতে যৌন হয়রানির ঘটনার নানাদিক তুলে ধরে বৃহস্পতিবারে এক প্রতিবেদন প্রকাশ করেছেন বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল।

প্রতিবেদনে বলা হয়েছে, এক সমীক্ষায় তারা জানতে পেয়েছেন যে, অভিযোগ দায়ের কারীদের মধ্যে অন্তত ৬০ ভাগেরও বেশি মানুষ পরবর্তীতে নানারকম প্রতিহিংসার শিকার হয়ে থাকে।

যৌন হয়রানি ও অপ্রত্যাশিতভাবে যৌন স্পর্শের অভিযোগ এনে ২০১৪ সালে মোট ১৯ হাজার মামলা করা হয়েছে বলে উল্লেখ করার হয়েছে প্রাথমিক এই প্রতিবেদনে।

তবে, এই সংখ্যাটি আগের দুই বছরের তুলনায় প্রায় ২৫ ভাগ কম।

মার্কিন সেনাবাহিনী থেকে যৌন হয়রানির ঘটনা নির্মূল করতে হলে অভিযোগ দায়ের কারী ব্যক্তিরা যেনো পরবর্তীতে কোনও প্রকার প্রতিহিংসা বা আক্রোশের শিকার না হয় সেই বিষয়টিও নিশ্চিত করার জন্যও পেন্টাগনকে তাগিদ দিয়েছেন মি. হেগেল।

এদিকে মার্কিন নৌ-বাহিনী যৌন হয়রানির করার অভিযোগে একজন কর্মকর্তার সম্মানসূচক উপাধি বাতিল করেছে। বিল কসবি নামে কর্মকর্তাকে ২০১১ সালে চিফ পেটি অফিসার উপাধিতে ভূষিত করা হয়েছিল।

৭৭ বছর বয়সী মি. কসবির বিরুদ্ধে অনেক গুলো যৌন হয়রানির অভিযোগ উঠেছে। তবে তার আইনজীবী বলছেন মি. কসবির বিরুদ্ধে আনা অভিযোগগুলো নিন্দনীয় ও মানহানিকর।

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল বলেছেন, মার্কিন সেনাবাহিনীতে দীর্ঘ দিন ধরে চলে আসা যৌন হয়রানির বিরুদ্ধে চলমান লড়াইয়ে তারা যথেষ্ট অগ্রগতি পেয়েছে।

কেননা আগের চেয়ে বেশি সংখ্যক মানুষ এখন নিজেদের হয়রানির কথা অভিযোগ আকারে দায়ের করছেন।সূত্র: বিবিসি বাংলা

ইআর