জার্মানির কাছে গ্রিসের দাবি করা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষতিপূরণ অস্বীকার করেছে দেশটি। গ্রিসের নবনির্বাচিত সরকারের দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষতিপূরণ দেয়ার ক্ষেত্রে আইনি কৌশলকে কাজে লাগিয়েছে জার্মানি। বুধবার এ খবর জানিয়েছে রয়টার্স।
গ্রিসে প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাসের নেতৃত্বাধীন নবনির্বাচিত বামপন্থী সরকার জার্মানির কাছে সম্প্রতি এই ক্ষতিপূরণ দাবি করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির হিটলারের নাৎসি বাহিনীর দখলে থাকার সময় গ্রিসের যে ক্ষয়ক্ষতি হয়েছে এর ক্ষতিপূরণ দাবি করে দেশটি।
ক্ষতিপূরণে বিষয়ে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের মুখপাত্র স্টিফেন সেইবার্ট বলেন, "আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষতিপূরণের বিষয়টি আইনি ও রাজনৈতিক প্রক্রিয়ায় সমাধা হয়েছে।"
তিনি আরও বলেন, "আমাদের উচিত চলমান ইস্যুগুলোর দিকে মনোযোগ দেয়া, যার মাধ্যমে আমরা একটি আশাব্যঞ্জক ভবিষ্যত গড়তে পারবো।"
এদিকে, জার্মানির অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ক্ষতিপূরণের ব্যাপারে গ্রিসের সঙ্গে আলোচনার কোন যৌক্তিকতাই নেই। গ্রিস সরকারের এই দাবি দেশটির চলমান চরম অর্থনৈতিক সংকট থেকে দৃষ্টি ঘুরানোর অপচেষ্টা বলেও আখ্যায়িত করেন তিনি।
এমএ





