ভারতের বিতর্কিত ধর্মগুরু আশারাম বাপুর ধর্ষণ মামলার সাক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে। এই সাক্ষী আশারাম বাপুর বাবুর্চি ছিলেন।

ভারতের পুলিশ জানিয়েছে, আশারামের বাবুর্চির নাম অখিল গুপ্তা (৩৫)। তিনি আশারামের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার সাক্ষী ছিলেন। রোববার উত্তর প্রদেশের মোজাফফরনগরে নিজ বাড়িতে ফেরার পথে অজ্ঞাত ব্যক্তিরা তাকে গুলি করে এবং এতে তার মৃত্যু হয়।

আশারাম বাপুর বিরুদ্ধে ধর্ষণ মামলা করার পর এ নিয়ে দুজন সাক্ষী খুন হলেন। এর আগে গত বছরের জুনে আশরামের আরেক সহযোগী আমরুত প্রজাপতি খুন হন। তিনি এই মামলার সাক্ষী ছিলেন।

এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে ২০১৩ সালের আগস্টে গ্রেফতার হন আশারাম। সেই থেকে তিনি জেলে আছেন। প্রায় একই সময়ে সুরাটে দুই বোনকে যৌন নিপীড়নের দায়ে মামলা হয় আশারামের ছেলের নামে।

গুজরাট পুলিশ ২০১৩ সালে অখিল গুপ্তাকে জিজ্ঞাসাবাদ করে। সে সময় আশারাম বাপুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন তিনি। এর কিছুদিন পরে ছাড়া পান অখিল গুপ্তা।

প্রসঙ্গত, আশারাম বাপু ভারতের বিভিন্ন অঞ্চলে ৪০০টির মতো আশ্রম গড়ে তোলেন। ভক্তদের কাছে নিজেকে ঈশ্বর বলে দাবি করেন তিনি। কয়েক লাখ ভক্ত রয়েছে তার। সূত্র: এনডিটিভি।

কেএইচ