রোহিঙ্গাদের জন্য নাগরিকত্ব বা আলাদা স্বাধীন রাষ্ট্রের দাবি জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
তুরস্ক সফররত অবস্থায় দেশটির সংবাদ সংস্থা আনাদোলুকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
মাহাথির বলেন, ‘এক সময় মিয়ানমার অনেকগুলো রাষ্ট্র নিয়ে গঠিত ছিলো। ব্রিটিশরা এটিকে এক সাথে শাসন করতে একটি একক রাষ্ট্র তৈরি করেন। তখন অনেক জনগোষ্ঠী এবং উপজাতিরা বার্মার সঙ্গে যোগ দেয়। এখন রোহিঙ্গাদেরকে হয় বার্মার নাগরিকত্ব দিতে হবে অথবা নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ দিতে হবে।’
দ্রুত রোহিঙ্গা বিষয়ে সংকট সমাধানেরও ডাক দেন মাহাথির মোহাম্মদ। তিনি বলেন, অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রতিষ্ঠাই সন্ত্রাসবাদের মূল কারণ।
ফিলিস্তিনি ইস্যু আন্তর্জাতিক রাজনীতি থেকে যেন হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে তুরস্ককে অনুরোধ করেন মাহাথির। তিনি বলেন, পশ্চিমারা দেখাতে চায় ফিলিস্তিনে কিছুই হচ্ছে না। কিন্তু সেখানে ভয়াবহ যুদ্ধাপরাধ চলছে।
মাহাথির বলেন, ‘মিডিয়াতে ফিলিস্তিনি সমস্যা সম্পর্কে যথেষ্ট প্রচারণা হয়নি। সমস্যাটি না দেখাতে গণমাধ্যমের পক্ষ থেকে একটি চুক্তি হয়েছে বলে মনে হচ্ছে। ইসরাইল রাষ্ট্রটি তৈরির জন্য কাদের কাছ থেকে কিভাবে ফিলিস্তিনের জমি দখল করা হয়েছিল তা বলা হচ্ছে না।
এদিকে নাগরিকত্ব ছাড়া মিয়ানমারে ফিরতে নারাজ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা।
মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ের নেতৃত্বে আসা ১৯ সদস্যের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এমনটি জানিয়েছেন উখিয়ার ক্যাম্পে অবস্থান করা নির্যাতিত রোহিঙ্গা নেতারা।
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে করণীয় নির্ধারণে শনিবার উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শনে আসেন মিয়ানমারের প্রতিনিধি দলটি।
রোহিঙ্গারা কোনো ভিত্তি ছাড়া মিয়ানমারে ফিরতে রাজি না হওয়ায় শনিবারের দুই দফা বৈঠকে প্রত্যাবাসন ইস্যুতে যৌথ ডায়ালগ অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমারের প্রতিনিধি ও রোহিঙ্গারা।
এ ডায়ালগে মিয়ানমার ও রোহিঙ্গা প্রতিনিধি ছাড়াও বাংলাদেশ, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। তবে কবে নাগাদ এ ডায়ালগ অনুষ্ঠিত হবে তা এখনও নিশ্চিত করা যায়নি।
জেড





