মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, বাইরের হুমকি থেকে সুরক্ষা পেতে মুসলমান দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়া উচিত।
ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যাকে আইনবহির্ভূত আখ্যায়িত করে সোমবার তিনি আরও বলেন, মুসলমান দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়। আমরা নিরাপদ না।
এ সময় তিনি জেনারেল সোলেইমানিকে ‘অমর’ বলে ঘোষণা দেন। মাহাথির বলেন, ‘আমরা এখন আর নিরাপদ নই। এখনই সময় মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার।’ আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মাহাথির আরো বলেন, ‘জেনারেল সোলেইমানির ওপর ড্রোন হামলা করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র।’
এদিকে সোলেইমানির ওপর মার্কিন হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। মাহাথির বলছেন, ‘মার্কিন বাহিনীর এই হামলা সন্ত্রাসবাদকে আরো উসকে দিচ্ছে।’
মধ্যপ্রাচ্যের দেশটির ওপর মার্কিন নিষেধাজ্ঞার পরও ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির। আনুমানিক ১০ হাজার ইরানি মালয়েশিয়ায় বাস করেন।
সম্প্রতি ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে মন্তব্যের জেরে বিজেপি সরকারের সমালোচনার শিকার হয়েছেন মাহাথির। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর জন্য মাহাথিরকে অনুরোধ করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এসব ব্যাপারে ৯৪ বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সত্য কথা বলি। আপনি যদি এমন কিছু করেন, যেটি সঠিক নয়, আমি মনে করি, সে বিষয়ে কথা বলার অধিকার আমার রয়েছে।’
এদিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইরানি দূতাবাসের বাইরে বোরকা পরিহিত নারীসহ অর্ধশত মানুষ জড়ো হয়েছে। তারা সেখানে মার্কিনবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছে।
এএস





