উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার শায়েস্তানগর এলাকার জঙ্গলে এক কিশোরীর লাশ পাওয়াকে কেন্দ্র করে বাংলাদেশী এক যুবককে পিটিয়ে হত্যা করেছে উগ্র এলাকাবাসি। 

আনন্দবাজারের সূত্রমতে, বুধবার ভোরবেলা উঠে পুকুর পাড়ে বাসন মাজতে গিয়েছিল মেয়েটি। তারপর থেকে তাকে খুজে পাওয়া যাচ্ছিলনা। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে পুকুরের পাশের জঙ্গলে মেয়েটির অর্ধনগ্ন দেহ পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় বাদুড়িয়ার শায়েস্তানগরের ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে এলাকায় খবর ছড়িয়ে পড়লে সন্দেহভাজন বাংলাদেশি যুবককে এলাকার লোকজন পিটিয়ে হত্যা করে। দু’টি দেহই ময়না-তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মেয়েটিকে ধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। সেই মর্মে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। গণপিটুনিতে খুনের আরও একটি পৃথক মামলা দায়ের হয়েছে।

ঘটনায় জড়িত সন্দেহে নয়ন সর্দার (৩৫) নামে যে যুবককে পিটিয়ে মেরেছে এলাকার বাসিন্দারা, সে ঘটনায় জড়িত ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্তারা।

গণপিটুনিতে খুনের পৃথক মামলাও রুজু হয়েছে। তবে ওই ঘটনায় কেউ ধরা পড়েনি। গণপিটুনির ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এলাকায় উত্তেজনা থাকায় র‌্যাফ, পুলিশ টহল দিচ্ছে।

সূত্র: আনন্দবাজার

এম এ