মাথায় বালতি ভরা বরফ শীতল জল ঢেলেছেন মার্ক জাকারবার্গমাথায় এক বালতি বরফ শীতল জল ঢালার চ্যালেঞ্জ নিতে পারবেন? ইতিমধ্যে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এই চ্যালেঞ্জ নিয়ে সফল হয়েছেন। এখন তিনি চ্যালেঞ্জ ছুড়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে।
আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপির এক খবরে বলা হয়েছে, ‘লু গেরিগ রোগ’ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও এই রোগ প্রতিরোধে তহবিল সংগ্রহের জন্য ‘বালতিভর্তি বরফ পানি মাথায় ঢালার প্রতিযোগিতা’ যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হয়েছে।
এই প্রতিযোগিতায় কোনো সেলিব্রেটি বা তারকাকে বরফ পানিতে নিজেকে ভিজিয়ে অন্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে হয়। আর যাঁরা এই চ্যালেঞ্জ নিতে অস্বীকৃতি জানাবেন, তাঁদের অ্যামিওট্রফিক ল্যাটেরাল স্কেলেরোসিস (এএলএস) সংস্থায় অর্থ সাহায্য করতে হবে। ‘লু গেরিগ রোগ’ রোগের বিরুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্রের সংস্থা এএলএস। এটি প্রোগ্রেসিভ নিউরোডিজেনারেটিভ রোগ।
জাকারবার্গকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি। ক্রিস্টির ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ হাসিমুখে গ্রহণ করে জাকারবার্গ নিজের মাথায় বরফভর্তি এক বালতি পানি ঢেলে বিল গেটসকে ছুড়ে দিয়েছেন পরবর্তী চ্যালেঞ্জ। এ ছাড়া ফেসবুকের নির্বাহী শেরিল স্যান্ডবার্গ ও নেটফ্লিক্সের পরিচালক রিড হেস্টিংকেও চ্যালেঞ্জ ছুড়েছেন জাকারবার্গ।
জাকারবার্গ বলেছেন, ‘তোমাদের হাতে মাত্র ২৪ ঘণ্টা সময় আছে। এই চ্যালেঞ্জ পারলে নাও। না হলে তোমাদের এএলএস সংস্থায় দান করতে হবে অথবা মাথায় জল ঢালা আবার অর্থ দান দুটোই করতে হবে।’
সত্য নাদেলার টাক মাথায় শীতল জল ঢেলেছেন মাইক্রোসফটের কর্মীরামার্ক জাকারবার্গ ছাড়াও মাইক্রোসফটের বর্তমান প্রধান নির্বাহী সত্য নাদেলা এই চ্যালেঞ্জ নিয়েছেন। মাইক্রোসফটের কর্মীরা হাসিমুখেই তাঁর মাথায় জল ঢেলেছেন। সেই ভিডিও আবার ইউটিউবে পোস্ট করার পর দারুণ জনপ্রিয় হয়েছে। নাদেলা চ্যালেঞ্জ ছুুড়েছেন আমাজনের নির্বাহী জেফ বেজোস ও গুগলের প্রধান নির্বাহী ল্যারি পেজকে।
মার্কিন টিভি তারকা জিমি ফ্যালন, সংগীতশিল্পী জাস্টিন টিম্বারলেক, অভিনেতা মাইক রকিসহ যুক্তরাষ্ট্রের তারকা খেলোয়াড়দের অনেকেই এই চ্যালেঞ্জ নিয়েছেন। রবার্ট কেনেডির স্ত্রী ৮৬ বছর বয়সী ইথেল কেনেডি এই চ্যালেঞ্জ ছুুড়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে। ওবামা এই চ্যালেঞ্জ গ্রহণ করেননি। তিনি অর্থ সাহায্যের বিষয়টিকেই বেছে নিয়েছেন।
২৯ জুলাই এই কর্মসূচি চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫৭ লাখ ডলার সংগ্রহ করতে পেরেছে এএলএস।
লু গেরিগ রোগ সম্পর্কে জানার লিংক (http://www.alsa.org/about-als/what-is-als.html
ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





