ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে নেমে প্রথমবারের মতো একজন মার্কিন মেরিন সেনা নিহত হয়েছে। মার্কিন নৌবাহিনী এ খবর নিশ্চিত করেছে।

পারস্য উপসাগরে সেনাবহনকারী একটি ওসপ্রে বিমানে গোলযোগ দেখা দেয়ার পর ২১ বছর বয়সী কর্পোরাল এল. স্পিয়ার্স নিহত হয়। গত বুধবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন বাহিনী। ঘটনার পর দীর্ঘ সময় ধরে অনুসন্ধান চালিয়ে শুক্রবার তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, দুর্ঘটনার পর মার্কিন সেনারা সম্ভাব্য সব ধরনের উপায় অবলম্বন করে এবং দীর্ঘ অনুসন্ধানের পর তার খোঁজ পাওয়া যায়।

ইউএসএস ম্যাকিন আইল্যান্ড নামে একটি বিমানবাহী জাহাজ থেকে ওসপ্রে বিমানটি ওড়ার পর হঠাৎ করেই তার বৈদ্যুতিক সংযোগ বিকল হয়ে যায়। এ অবস্থায় স্পিয়ার্স এবং আরেকজন ক্রু সদস্য বিমান থেকে লাফ দেয়। অবশ্য বিমানের পাইলট পরে সংযোগ ফিরে পান এবং ম্যাকিন আইল্যান্ডে নামতে সক্ষম হন। 

অনুসন্ধানকারীরা অন্য ক্রু সদস্যকেও উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং তার অবস্থা ভালো।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, “এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, আইএসআইএল বিরোধী অভিযান চালাতে গিয়ে এল. স্পিয়ার্স মারা গেছে।” সূত্র: আইআরআইবি

এসএমএ