ব্যাংকক: থাইল্যান্ডের সরকার বিরোধী বিক্ষোভকারীদের নেতা সুথেপ থাগসুবান তাদের আন্দোলনের কারণ ব্যাখ্যা করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে একটি চিঠি লিখেছেন। চিঠিতে তিনি বলেন, সরকার উৎখাতে বিক্ষোভকারীদের প্রচেষ্টা ‘গণতন্ত্রের জন্য’।
সুথেপ থাগসুবান ইতোমধ্যে আগামী ২ ফেব্র“য়ারির নির্বাচন বন্ধে ভোট কেন্দ্রগামী সব রাস্তা বন্ধের হুমকি দিয়েছেন।
ওবামাকে লেখা চিঠির একটি কপি সুথেপের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। চিঠিতে সুথেপ বলেন, তার আন্দোলন অগণতান্ত্রিক অভ্যুত্থানের জন্য নয়।
তিনি বলেন, বিক্ষোভকারীরা এক বছর বা আরো বেশিদিনের জন্য নির্বাচন স্থগিত এবং সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নে ক্ষমতায় একটি ‘পিপল'স কাউন্সিল’কে দেখতে চান। কারণ বিক্ষোভকারীরা বিশ্বাস করে, এই কাউন্সিল গঠিত হলে দেশের নির্বাচন প্রক্রিয়ার ওপর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার অশুভ প্রভাব নস্যাৎ হয়ে যাবে।
সুথেপ বলেন, সংস্কার থাইল্যান্ডকে আগামী দিনে অবিবেচক ও দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের রাহুগ্রাস থেকে মুক্ত করবে।