পাকিস্তানের সাংবাদিক হামিদ মীর তার ওপর হামলার জন্য দেশটির সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই-কে দায়ী করেছেন। তিনি বলেছেন, ‘আইএসআই’র মধ্যে থাকা আইএসআই’ এ হামলা চালিয়েছে। শুধু তাই নয়, তারা এখন তাকে দেশ ছাড়ার জন্য হুমকি দিচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন।
বিবিসি উর্দু বিভাগকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন হামিদ মীর। গত সপ্তাহে তিনি করাচিতে হামলার শিকার হন এবং বর্তমানে তার চিকিৎসা চলছে। হামলার পর তিনি এই প্রথম গণমাধ্যমের সঙ্গে কথা বললেন। হামিদ মীর পাকিস্তানের বেসরকারি চ্যানেল জিও টিভির গুরুত্বপূর্ণ সঞ্চালক।
সাম্প্রতিক হুমকির বিষয়ে তিনি জানান, “বন্ধুর ছদ্মবেশে অনেক লোক তাকে হাসপাতালে দেখতে যান এবং শত্রুদের বার্তা পৌঁছে দিয়ে চলে যান। তারা বলেন, পাকিস্তান ছেড়ে চলে যাওয়াই আপনার জন্য ভালো; দেশ আপনার জন্য এখন আর মোটেই নিরাপদ নয়।”
হামিদ মীর আরো জানান, গতকাল শনিবার উঁচু পর্যায়ের দায়িত্বশীল একজন ব্যক্তি তাকে দেখতে গিয়ে বলেছেন, “তিনি আবার হামলার শিকার হতে পারেন।” হামিদ মীর দাবি করেন, যেসব ব্যক্তি তার কাছে এ ধরনের হুমকি সম্বলিত বার্তা পৌঁছে দিচ্ছেন তারা সবাই শক্তিশালী সামরিক বিভাগের অংশ। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]