হংকংয়ে পূর্ণ গণতান্ত্রিক নির্বাচনের দাবিতে শুক্রবার থেকে যে বিক্ষোভ চলছে আজ সোমবারে তা চতুর্থ দিনে গড়ালো। রবিবার হংকংয়ের সিটি সেন্টারে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। গণতন্ত্রের দাবিতে চলমান বিক্ষোভকে অবৈধ ঘোষণা করেছে হংকংয়ের চিফ এক্সিকিউটিভ সিওয়াই লিউঙ।

লিউঙ বলেন, হংকংয়ে ২০১৭ সালের নির্বাচন যেভাবে করার পরিকল্পনা করা হয়েছে সেভাবেই হবে। তবে আন্দোলনকারীদের দাবি নিকট ভবিষ্যতে হয়তো কোনোদিন পূরণ হতে পারে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

হংকং-এর সিটি সেন্টারে তিন দিন ধরে চলমান বিক্ষোভের তৃতীয় দিনেও পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। ঘটেছে গ্রেপ্তার আর দফায় দফায় টিয়ার শেল ছোড়ার ঘটনাও। গ্রেপ্তার, হামলা উপেক্ষা করে প্রতিবাদ চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

হংকং হচ্ছে চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল। হংকংয়ের প্রধান নেতা নির্বাচনের ক্ষেত্রেও চীন ভেটো দিতে পারে।

বিক্ষোভকারীরা বলছে, কোনো ভেটো নয়, ২০১৭ সালে হংকংয়ে যে নির্বাচন হবে তা হবে পুরোপুরি গণতান্ত্রিক নির্বাচন।

এদিকে কয়েকদিন আগে চীন সেই দাবি নাকচ করে দেয়ার পর থেকেই হংকংয়ে দানা বাধে বিক্ষোভ।

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ