এর আগে বহুবার শোনা গেছে, বেড়াতে গিয়ে হোটেল থেকে জিনিসপত্র চুরি করে ভারতীয় পর্যটকরা। সম্প্রতি এ ধরনের অভিযোগে চরম সমালোচনা হয়েছে প্রবাসী ভারতীয়দের। আবারো সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হলো এক ভারতীয় নারীর চুরির কাণ্ড।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক মিনিট নয় সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, হোটেলের একটি টেবিলে বসে খাচ্ছেন দুজন নারী-পুরুষ। আশপাশের সবাই যখন খাবার খেতে ব্যস্ত, তখন হঠাৎ ওই নারী এদিক ওদিক তাকিয়ে প্লেট থেকে ধোকলা (এক ধরনের ভারতীয় খাবার) তুলে নিয়ে নিজের ব্যাগে ঢোকাচ্ছেন।
এ সময় অত্যন্ত সতর্ক ছিলেন ওই নারী। আশপাশের কেউ তাঁর ওপর নজর রাখছে কি না তাও বারবার খেয়াল করেছেন তিনি। কিন্তু, ওই নারী জানতেন না কারো ক্যামেরায় ধরা পড়ে গেছে তাঁর কীর্তি।
ভিডিওটি গত রোববার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরের একটি হোটেলে তোলা বলে জানিয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকা। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘হাউডি, মোদি’ অনুষ্ঠানকে ঘিরে যখন উত্তেজনার পারদ চড়ছে, তখনই এক অজ্ঞাত ব্যক্তির ক্যামেরায় ধরা পড়েছে ওই ভারতীয় নারীর কাণ্ড। তবে ভিডিওটি ধারণের স্থান কিংবা সময়ের বিষয়টি যাচাই করা যায়নি বলে প্রতিবেদনে জানানো হয়।
এর আগে গত জুলাই মাসে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বেড়াতে গিয়ে একই ধরনের কাণ্ড ঘটান এক ভারতীয় দম্পতি। হোটেল কক্ষ থেকে শ্যাম্পু, সাবান, তোয়ালে, হেয়ার ড্রায়ার এমনকি ছবি পর্যন্ত সুটকেসে ভরে রওনা দিয়েছিলেন ওই দম্পতি। কিন্তু, হোটেল থেকে বেরোনোর মুখে হোটেলের নিরাপত্তা কর্মীরা তাঁদের ব্যাগ পরীক্ষা করলে তাঁরা ধরা পড়ে যান।
সম্প্রতি ভারতীয় অতিথিদের রুমে খাবার নিয়ে যেতে কর্মীদের নিষেধ করে এক সুইস হোটেল। এ ছাড়া ২০১৭ সালে বিমানবন্দরে এক প্রবাসীর ব্যাগ থেকে আম চুরি করেছিলেন দুই ভারতীয়। ওই অপরাধের মামলায় গত মঙ্গলবার সেই দুই ভারতীয়কে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেন সংযুক্ত আরব আমিরাতের এক আদালত।
অবশ্য মনোবিদরা জানাচ্ছেন, কোথাও বেড়াতে গিয়ে জিনিসপত্র চুরির বাতিক আসলে একটি মানসিক রোগ। ক্লিপটোম্যানিয়া নামের ওই রোগে আক্রান্তরাই এমনটা করে থাকে।
এএস





