রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার পর বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের ওপর সতর্কতা জারি করেছে তিনটি দেশ। দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়া।

সংশ্লিষ্ট দেশগুলো তাদের নাগরিকদের গুলশান-২ এর ৭৯ নম্বর রোডের ওই রেস্তোরা এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

ওই দেশগুলো কূটনৈতিক এলাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় নাগরিকদের চলাফেরা এবং কর্মকাণ্ডে যথেষ্ট সতর্ক থাকতে বলেছে।

যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের জনাকীর্ণ স্থান থেকে দূরে থাকতে নির্দেশনা দিয়েছে। রাস্তাঘাটে চলাফেরা, মোটরসাইকেল, বাইসাইকেল, রিকশাসহ যে কোনো যানবাহনে চলাচলের ক্ষেত্রেও যথেষ্ট সতর্ক থাকতে পরামর্শ হয়েছে।

একই ধরনের পরামর্শ দিয়েছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়া। উন্মুক্ত স্থানে যাওয়ার বিষয়ে উচ্চমাত্রার সতর্কতা অনুসরণ করতেও বলেছে দেশগুলো।

প্রসঙ্গত, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশান ২ নম্বরের হলি আর্টিজেন রেস্তোরাঁয় একদল অস্ত্রধারী ঢুকে বিদেশীসহ বেশ কয়েকজনকে জিম্মি করে। শনিবার সকালে কমান্ডো অভিযান চালিয়ে ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়।

এ সময় সেখান থেকে ২০টি মৃতদেহ বের করা হয় যাদেরকে রাতেই গলা কেটে হত্যা করা হয় বলে আইএসপিআর জানিয়েছে। নিহতদের ১৭ জন বিদেশী এবং তিনজন বাংলাদেশী যাদের একজনের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছে।

এছাড়া হামলার শুরুতে পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি এবং পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। কমান্ডো অভিযানে ছয় বন্দুকধারী নিহত হয় আর এক বন্দুকধারীকে আটক করা হয়।

এমআইএস