মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়া সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে বলেছে, আসাদ সরকার বিরোধী প্রতিনিধি দলের সদস্যদের আত্মীয়-স্বজনদের আটক ও গ্রেফতারের মাধ্যমে জেনেভা শান্তি আলোচনা ক্ষতিগ্রস্ত করছে।
সিরিয়া সংকট নিরসনে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জেনেভা-২ নামে শুরু হওয়া দ্বিতীয় দফা শান্তি আলোচনা চলতি মাসের গোড়ার দিকে ভেঙে যায়।
আন্তর্জাতিক স¤প্রদায় আলোচনাটি পুনরায় শুরু করার চেষ্টা চালাচ্ছে। এমন সময় ওয়াশিংটন অভিযোগ তুলেছে, আসাদ সরকার বিরোধী আলোচকদের ভয়-ভীতি প্রদর্শনের জন্য কঠোর দমন নীতি কৌশল প্রয়োগ করছে।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জেন সাকি ওয়াশিংটনের পক্ষ থেকে ‘ক্ষোভ’ প্রকাশ করে বলেন, ‘আমরা সরকারকে অন্যায়ভাবে গ্রেফতারকৃত সকলকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেয়ার আহ্বান জানাই।’
তিনি বলেন, ‘বিরোধী প্রতিনিধি দলকে অবশ্যই নিরাপদে রাজনৈতিক পালাবদলের লক্ষ্যে কাজ করতে দিতে হবে।’ সূত্র: এএফপি
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]