জম্মু-কাশ্মিরে এক অনুষ্ঠানে স্বাধীনতার সমর্থনে স্লোগান ওঠায় ভাষণ বন্ধ করে সভা মঞ্চ ছাড়তে বাধ্য হয়েছেন ভারতের বিখ্যাত আধ্যাত্মিক গুরু নামে পরিচিত শ্রী শ্রী রবিশঙ্কর।
শনিবার জম্মু-কাশ্মির কো-অর্ডিনেশন কমিটি (জেকেসিসি) আয়োজিত শের-ই-কাশ্মির আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ‘আর্ট অব লিভিং ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্কর ‘পয়গাম এ মুহাব্বত’ নামে অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় এ ঘটনা ঘটে। তিনি কাশ্মির উপত্যকার মানুষজনের উদ্দেশে শান্তির আহ্বান জানান। তিনি অতীত ভুলে ভবিষ্যতের কথা ভাবার জন্যও বলেন।
ওই অনুষ্ঠানে শোপিয়ান, বাডগাম, পুলওয়ামা প্রভৃতি এলাকার জনগণ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত জনতার একাংশ স্বাধীনতার সমর্থনে স্লোগান দেয়ায় রবিশঙ্কর মাত্র কয়েক মিনিটের মধ্যে ভাষণ বন্ধ করে ওই অনুষ্ঠান মঞ্চ ত্যাগ করতে বাধ্য হন।
এদিকে দুখতারান-ই মিল্লাত নামের একটি ইসলামিক সংগঠনের প্রধান সাইয়্যেদা আসিয়া আন্দ্রাবি ‘আর্ট অব লিভিং ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্করের সমালোচনা করেছেন।
সংগঠনটির এক মুখপাত্র জানিয়েছেন, আসিয়া আন্দ্রাবি বলেছেন, আমরা মুসলিম আর ইসলাম অর্থ শান্তি। আমরা প্রিয়নবী (সা)-এর কাছ থেকে বহুকাল আগে থেকেই শান্তির কথা শিখেছি। সুতরাং, শ্রী শ্রী রবিশঙ্করের কাছ থেকে আমাদের শান্তির ভাষণ শোনার প্রয়োজন নেই।
তিনি বলেন, ইসলাম হল শান্তির জন্য। প্রিয় নবী (সা) ছিলেন শান্তির শ্রেষ্ঠ প্রচারক। অন্য কোনো ধর্মে ইসলামের মতো এত শান্তির আলোচনা নেই। সুতরাং কাশ্মিরি মুসলিমরা জানেন শান্তি কী এবং কীভাবে তা অর্জন করা যায়।
আসিয়া আন্দ্রাবি কাশ্মিরে রবিশঙ্করের ওই অনুষ্ঠানের আয়োজক সংস্থা জেকেসিসিকে সতর্ক করে দিয়ে কাশ্মিরি জনতাকে বোকা বানানো থেকে বিরত থাকতে বলেছেন।
সম্প্রতি বাবরী মসজিদ বনাম রাম মন্দির ইস্যুতে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে শ্রী শ্রী রবিশঙ্করের বিরুদ্ধে তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদে এফআইআর এবং উত্তর প্রদেশের লক্ষনৌতে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।
এসএম
টাইমনিউজে আরও পড়ুন.....
নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
‘হাসপাতালের পেছনে ৩০টি লাশ রেখে দিয়েছি’ দাফনেরও সুযোগ নেই





