নিজেদের দাবির প্রতি জনগণের সমর্থনের বিষয়ে অনুষ্ঠিতব্য গণভোটের প্রস্তাব নাকচ করে দিয়েছেন হংকংয়ের বিক্ষোভকারীদের নেতারা। তারা জানিয়েছেন, বিষয়টিতে সম্মতি দেওয়ার আগে সকল বিক্ষোভকারীর মতামত নেওয়া প্রয়োজন। খবর আলজাজিরার।
বিক্ষোভকারীদের নেতারা এক বিবৃতিতে বলেন, আমরা সিদ্ধান্ত গ্রহণের আগে জনগণের সঙ্গে বিষয়টি নিয়ে পর্যাপ্ত আলোচনার সময় পাইনি।
এর আগে আগামী রবি ও সোমবার গণভোট অনুষ্ঠানের প্রস্তাব দেয় হংকং প্রশাসন। বিক্ষোভকারী ছাত্রনেতা ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর প্রশাসনের পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়া হয়।
বিক্ষোভকারী নেতারা হংকং প্রশাসনকে বলেছেন, তারা যেন বেইজিং সরকারকে আনুষ্ঠানিকভাবে জানায় স্বায়ত্তশাসিত অঞ্চলটির প্রধান নির্বাহী নির্বাচনে প্রার্থী মনোনয়নে নিজেদের হাতে ক্ষমতা রাখার বিষয়টি হংকংয়ের জনগণকে অখুশি করেছে।
গত ২৮ সেপ্টেম্বর থেকে বেইজিং সরকারের ওই সিদ্ধান্তের প্রতিবাদে ও পূর্ণ গণতন্ত্রের দাবিতে রাজপথে বিক্ষোভ শুরু করে হংকং ফেডারেশন অব স্টুডেন্টস অ্যান্ড স্কলারিজম। পরবর্তী সময়ে অক্যুপাই সেন্ট্রাল তাদের সঙ্গে যোগ দেয়।
ইআর





