সিরিয়ায় ইরানের আধিপত্য রুখে দেয়ার হুমকি দিয়েছে ইসরাইল। দেশটিতে ইসরাইলি যুদ্ধবিমান ভূপাতিতের জবাবে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু। এরপরই ইসরাইলকে উড়িয়ে দেয়ার পাল্টা হুমকি দিয়েছে তেহরান। এদিকে, ইসরাইলের সার্বভৌমত্ব রক্ষায় সর্বশক্তি দিয়ে তেল আবিবের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

শনিবার ইরানের একটি ড্রোন ভূপাতিত করার ভিডিও প্রকাশ করে ইসরাইল। তাদের দাবি, সিরিয়া থেকে উড়ানো ইরানি ড্রোনটি ইসরাইলের আকাশসীমায় অনুপ্রবেশ করেছে। একে ইসরাইলের সার্বভৌমত্বের লঙ্ঘন উল্লেখ করে সিরিয়া ভূখণ্ডে দামেস্ক ও তেহরানের অন্তত ১২টি সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইসরাইলি বাহিনী। হামলা শেষে ফেরার পথে তাদের যুদ্ধ বিমানটি আসাদ বাহিনীর বিমানবিধ্বংসী গুলিতে ভূপাতিত হয়। সিরীয় সরকারি বাহিনীর এ সাফল্যে উচ্ছ্বসিত দেশটির সাধারণ নাগরিকরা।

এ ঘটনার পরপরই ইরান ও সিরিয়ার বিরুদ্ধে আগুন নিয়ে খেলার অভিযোগ তুলে ইসরাইল। এ জন্য তাদের চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেয় প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বিনইয়ামিন নেতানিয়াহু বলেন, 'ইরান ইসরাইলকে ধ্বংস করে দেয়ার উদ্দেশ্যে সিরিয়াকে ব্যবহার করছে। এজন্য ইরান ও তাদের আশ্রয়দাতা সিরিয়াকে দায়ী করছি আমরা। ইসরাইলের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সবকিছু করবো।'

এদিকে, ইসরাইল সীমান্তের উত্তেজনায় গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরাইলের সার্বভৌমত্ব রক্ষায় সর্বশক্তি দিয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।

ইসরাইলের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। সিরিয়ার বৈধ সরকারের অনুরোধে ইরানি বাহিনী তাদের সহযোগিতা করছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। নেতানিয়াহু প্রশাসন আগ্রাসী পদক্ষেপ নিলে ইসরাইল ও তার মিত্র যুক্তরাষ্ট্রকে এ অঞ্চল থেকে গুঁড়িয়ে দেয়ার পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

হাসান রুহানি বলেন, সামরিক অভিযান, বিদেশীদের হস্তক্ষেপ এবং ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহারে কখনোই আঞ্চলিক সমস্যার সমাধান সম্ভব নয়। কোনো দেশ যদি মনে করে থাকে সন্ত্রাসী কর্মকাণ্ড, অন্যদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং বোমা হামলার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করবে-তাহলে নিতান্তই ভুল ধারণা।

এ অবস্থায়, অতিদ্রুত এবং শর্তহীনভাবে উত্তেজনা পরিহারে সবপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। নতুন করে কোনো সংঘাতে না জড়াতে ইসরাইলের প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এসএম