রাশিয়া যদি ইউক্রেনে আগ্রাসন চালায় তাহলে ভয়াবহ (ম্যাসিভ) পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জি৭।

শিল্পোন্নত দেশগুলোর গ্রুপ-৭ এর শীর্ষ কূটনীতিকদের এক বৈঠকে এমন হুঁশিয়ারি দেন বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস।

এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

আজ রোববার ( ১২ ডিসেম্বর) ইংলিশ শহর লিভারপুলে এ বৈঠক হয়। এতে লিজ ট্রুস বলেন, বিশ্বের মোট প্রবৃদ্ধির শতকরা ৫০ ভাগের প্রতিনিধিত্ব করে জি৭।

তাদের সবার এ বিষয়ে সর্বসম্মত ও একীভূত সিদ্ধান্ত রয়েছে। বিষয়টি খুব পরিষ্কার। তাহলো, ইউক্রেনে আগ্রাসন চালালে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

উল্লেখ্য, পূর্ব-পশ্চিম সম্পর্কে যে সঙ্কট সৃষ্টি হয়েছে, তার কেন্দ্রে আছে ইউক্রেন। এরই মধ্যে এই দেশটির সীমান্তে প্রায় ১ লাখ সেনার সমাবেশ ঘটিয়েছে রাশিয়া।

এতে মনে করা হচ্ছে, ইউক্রেনে বড় ধরণের কোনো সামরিক হামলা চালাতে পারে রাশিয়া।

মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, আগামী বছরের শুরুতে সীমান্তে ১ লাখ ৭৫ হাজার সেনার সমাবেশ ঘটানোর পরিকল্পনা নিচ্ছে রাশিয়া।

তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। তারা বলেছে, রাশিয়াভীতি গ্রাস করেছে পশ্চিমাদের।

এইচএন