রামজন্মভূমি-বাবরি মসজিদ মামলার বিচার চলছে ভারতের সুপ্রিম কোর্টে। এই মামলায় সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী রাজীব ধবনকে হুমকি দেওয়া হয়েছে।
শিক্ষা দফতরের অবসরপ্রাপ্ত অফিসার এন সন্মুগম তাঁকে হুমকি দিয়েছেন। ওই মামলায় মুসলিমদের পক্ষ দাঁড়ানোয় তাঁকে এই হুমকি দেওয়া হয়েছে।
এদিকে, আজ (১২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাজীব ধবন অভিযোগ করেছেন তাঁর দাপ্তরিক সহকারীকে হুমকি দেওয়ার পাশাপাশি আদালত চত্ত্বরে হেনস্তা করা হয়েছে।
রাজীব ধবন জানান, তাঁকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে হুমকি দিয়েছিলেন রাজস্থানের বাসিন্দা সঞ্জয় কালাল বজরঙ্গি। তাঁদের বিরুদ্ধে শীর্ষ আদালতে অভিযোগ করেছিলেন তিনি।
এদিকে, অযোধ্যা মামলার শুনানির অষ্টাদশ দিনের শুরুতেই দুজনকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। হুমকি দেওয়ার অভিযোগে শুনানি হবে দু' সপ্তাহ পরে।
ধবন সুন্নি ওয়াকফ বোর্ডের পক্ষে আদালতে দাঁড়িয়েছেন। এ জন্যই তাঁকে দু'জন হুমকি দেওয়া হয়েছে। রামজন্মভূমি-বাবরি মসজিদ মামলায় প্রধান পিটিশনার এম সিদ্দিকের পক্ষে ও সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে সওয়াল করছেন তিনি। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চে শুনানি হচ্ছে।
ধবনের অভিযোগ, গত ১৪ আগস্ট সন্মুগম তাঁকে চিঠিতে হুমকি দেন। পরে হোয়াটসঅ্যাপে তাঁকে হুমকি দেন বজরঙ্গি। তাঁরা বলেছেন, আপনি এই মামলায় মুসলিমদের পক্ষে দাঁড়িয়েছেন কেন?
ধবন জানান, একই কারণে বাড়িতে ও কোর্ট চত্বরেও তাঁর সঙ্গে অনেকের তর্কবিতর্ক হয়েছে। আদালতে তাঁর অভিযোগ, যাঁরা হুমকি দিচ্ছেন, তাঁরা সুপ্রিম কোর্টে এক সিনিয়র অ্যাডভোকেটকে কাজ করতে বাধা দিচ্ছেন। তাঁরা আদালত অবমাননা করছেন।
সংবিধানের ১২৯ ধারা এবং 'কনটেম্পট অব কোর্ট অ্যাক্ট'-এর ১৫ নম্বর ধারা অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। তথ্য সূত্র- দ্য ওয়াল, ইন্ডিয়া টুডে।
এমবি





