জম্মু-কাশ্মীরের রায়সিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ যাত্রী। জম্মু-কাশ্মীরের তথ্যমন্ত্রী অজয় নন্দা ২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রায়সির এসএসপি তাহির সাজিদ ভাট জানিয়েছেন, রায়সিতে বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাল্টি খেয়ে সোজা গিয়ে গভীর খাদে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৫ জনের। আহত ৩০ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, বাসটিতে ৪৫ জনের বেশি যাত্রী ছিল। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৩ জনের। এর মধ্যে ঘটনাস্থল থেকে ১৫ জনের মৃতদেহ উদ্ধার হলেও পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে আরো ৮ জনের।
জানা গেছে, কাশ্মীরের রায়সি থেকে বাকলে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। গুরুতর আহতরা সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
ডাক্তাররা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা অশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো পর্যন্ত উদ্ধারকাজ শেষ হয়নি। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধারকাজে তদারক করছেন।
জেড





