লিবিয়ার রাজধানী ত্রিপোলির পুলিশ প্রধান কর্নেল মোহাম্মাদ আল-সুইসি অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছে, ত্রিপোলির তাজুরা মিউনিসিপাল কাউন্সিলের একটি বৈঠক শেষে নিজ দফতরে ফিরে আসার পথে আক্রান্ত হন কর্নেল সুইসি।

ত্রিপোলির জাতীয় নিরাপত্তা পরিদপ্তরের অফিসিয়াল ফেইসবুক পেজে কর্নেল সুইসিকে 'একজন বন্ধু এবং একজন ভালো, পরিশ্রমী মানুষ' হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

অজ্ঞাত বন্দুকধারীরা তাকে বহনকারী গাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করে এবং তার দুই দেহরক্ষীকে ধরে নিয়ে যায়। লিবিয়ার সরকারি বার্তা সংস্থা ‘লানা’ ত্রিপোলির পুলিশ প্রধানের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামি কা’ল জানিয়েছেন, কর্নেল সুইসি’র হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। এখন পর্যন্ত কেউ মঙ্গলবারের এ হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেনি।

লিবিয়ার সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতন ও নিহত হওয়ার প্রায় ৩ বছর পর এখনো দেশটিতে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরে আসনি। প্রায়ই সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ ও জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে। গাদ্দাফি সরকারের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনে জড়িত বহু গোত্র ও গোষ্ঠী তাদের অস্ত্র জমা দিতে অস্বীকৃতি জানাচ্ছে। সূত্র: বিবিসি।

ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই