জাতিসংঘের সাধারণ সভায় বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার সরাসরি অভিযোগ আনলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

একই সঙ্গে তিনি পাকিস্তানকে সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন।

বুধবার সাধারণ পরিষদে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কাশ্মীরের ‘বেসামরিকীকরণ’ এবং সিয়াচেন হিমবাহ থেকে নিঃশর্ত সেনা প্রত্যাহারসহ ভারতকে চার দফা শান্তি প্রস্তাব দেন। এরপরই নওয়াজের এ বক্তব্যের কড়া সমালোচনা করে ভারত।

বৃহস্পতিবার সুষমা তার ভাষণে বলেন, ‘ আজকে আমরা সন্ত্রাসবাদের যে ভয়াবহ হুমকি মোকাবেলা করছি এর জবাব কিভাবে দেওয়া হবে তার ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের ভবিষ্যত নির্ভর করছে। যেসব দেশ সন্ত্রাসীদের সমর্থন দিচ্ছে তাদেরকে অবশ্যই চড়া মূল্য গুনতে হবে।’

পাকিস্তানের নাম উল্লেখ করে তিনি বলেন, মুম্বাই হামলার মূল অভিযুক্তরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। নতুন করে হামলা চালানো হচ্ছে। সম্প্রতি আমরা দুই পাকিস্তানি সন্ত্রাসীকে জীবিত আটক করেছি।

এই হামলা ভারতকে অচল করে দেওয়ার উদ্দেশে এবং জম্মু ও কাশ্মীরের একটি অংশের ওপর পাকিস্তানের যে অবৈধ দখল রয়েছে তার বৈধতা দেওয়ার জন্য।’

সুষমা বলেন, পাকিস্তান প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। সীমান্তে গুলি চালিয়ে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘণ করেছে।

নওয়াজের চার পয়েন্টের সমালোচনা করে তিনি বলেন, ‘পাক প্রধানমন্ত্রী চারটি পয়েন্ট তুলে ধরেছিলেন। আমাদের একটাই পয়েন্ট। সন্ত্রাসবাদ থামান। আলোচনা চালান।’সূত্র : এনডিটিভি

এসএইচ