সীমান্ত এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চায় মেঘালয়। বাংলাদেশ লাগোয়া মেঘালয়ের গ্রামাঞ্চলের উন্নয়নে মঙ্গলবার কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা ঘোষণা দিয়েছেন মেঘালায়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা।
তিনি বলেছেন, সীমান্ত এলাকার মানুষদের জীবনযাত্রার মান বাড়াতে, ব্যবসা-বাণিজ্যে উৎসাহ যোগাতে এবং বাজার সৃষ্টির সুযোগ করতে একটি আদর্শ পরিকল্পনা করছে রাজ্য সরকার। সংশ্লিষ্ট পরিকল্পনায় প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে উদ্যোগী হয়েছে মেঘালয়।
উত্তর-পূর্ব ভারতের প্রভাবশালী দৈনিক যুগশঙ্খ বুধবার এ খবর দিয়েছে।
মুকুল সাংমা বলেছেন, বাংলাদেশে ফুলের খুব ভালো বাজার আছে। এই অঞ্চলের মানুষ সেই সুযোগকে কাজে লাগাতে পারেনি।
তিনি বলেন, ফুল রফতানির বিষয়ে ভারত ও বাংলাদেশের সঙ্গে আলোচনাও হয়েছে।
সাংমা জানান, মেঘালয় ২২টি সীমান্ত হাটের প্রস্তাব দিয়েছে। এরমধ্যে চারটির অনুমোদন হয়েছে।
তিনি বলেন, সীমান্ত এলাকায় বিনিয়োগের জন্য বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানির সঙ্গে কথা বলেছে রাজ্য সরকার। তবে এদেরকে প্রতিক্ষিত কর্মী সরবরাহ করতে হবে।
সীমান্ত এলাকায় বস্ত্র শিল্প প্রতিষ্ঠার কথা উল্লেখ করে মুকুল সাংমা জানান, বস্ত্র শিল্প প্রতিষ্ঠার আগে সীমান্ত এলাকায় তিন হাজার মহিলাকে প্রশিক্ষণ দেয়া হবে যাতে তারা বস্ত্র শিল্পে কাজ করতে পারে।
ঢাকা, ০৯ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





