ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপের ভোটগ্রহণ শুরু হওয়ার পর কাশ্মীরের পুলওয়ামার একটি ভোট কেন্দ্রে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এছাড়াও পশ্চিমবঙ্গের বারাকপুর আসনে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা বিজেপি প্রার্থীর ওপর হামলা চালিয়েছে। সোমবার সকালে ভোট শুরু হওয়ার পর হামলার ঘটনা ঘটে। তাছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে পশ্চিমবঙ্গ, জম্মু-কাশ্মীর ও উত্তর প্রদেশের বেশ কিছু কেন্দ্রে ভোট শুরু হতে বিলম্ব হচ্ছে।
এ ধাপে ৭ রাজ্যের ৫১ আসনে ভোটগ্রহণ হবে। এসব আসনে ভোটার সংখ্যা প্রায় ৯ কোটি। আজকের ভোটে ভাগ্য নির্ধারিত হবে ৬৭৪ প্রার্থীর।
যাদের মধ্যে প্রধান বিরোধী দল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও তার মা সোনিয়া গান্ধীর ভাগ্য নির্ধারণ হবে। তাছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিরও ভাগ্য নির্ধারণ হবে আজ।
আজকের ভোটের মাধ্যমে দেশটির ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে ৪২৪টিতে ভোটগ্রহণ সম্পন্ন হবে। বাকি ১১৮টি আসনে মধ্যে আগামী ১২ ও ১৯ মে ষষ্ঠ ও সপ্তম দফায় ভোট হবে। ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে আগামী ২৩ মে।
সেদিনই প্রার্থীদের সঙ্গে সঙ্গে দলগুলোরও ভাগ্য জানা যাবে। আজ পশ্চিমবঙ্গের ৭, উত্তর প্রদেশের ১৪, বিহারের ৫, রাজস্থানের ১২, মধ্যপ্রদেশের ৭, জম্মু-কাশ্মীরের ২ এবং ঝাড়খন্ডের ৪ আসনে ভোটগ্রহণ হবে। উত্তর প্রদেশের রায় বরেলি আসন থেকে সোনিয়া গান্ধী ও আমেথি আসন থেকে লড়ছেন রাহুল গান্ধী।
রায় বরেলিতে সোনিয়ার মূল প্রতিদ্বন্দ্বী সাবেক কংগ্রেস নেতা ও বর্তমানে বিজেপি প্রার্থী দীনেশ প্রতাপ সিং। আর আমেথিতে রাহুলের প্রতিদ্বন্দ্বী বর্তমান মন্ত্রী স্মৃতি ইরানি। এই দুই আসন কংগ্রেসের ঘাঁটি বলে পরিচিত হলেও বিশ্লেষকরা বলছেন, এবার লড়াইটা জমজমাট হতে পারে। এই দফার ভোটে পশ্চিমবঙ্গে ভোটারদের বিশেষভাবে নিরাপত্তা দেওয়া হবে। এজন্য সব রকম প্রস্তুতি নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। এমনকি বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রার্থীদের ওপরও বিশেষ নজরদারি করা হবে বলেও জানানো হয়েছে। সূত্র : এনডিটিভি।
এসএম





