পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মালালা ইউসুফজাইকে আক্রমণের তদন্তে গোয়েন্দা নিযুক্ত করেছে। সেই সঙ্গে পুলিশকে নির্দেশ দিয়েছে এহসানুল্লাহ এহসানকে সন্দেহভাজন হিসেবে নথিভুক্ত করার। খবর ডনের।
এহসানকে জেরা করার জন্য যৌথ তদন্ত কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়েছে। মালালাকে আক্রমণের কেসে প্রাথমিকভাবে তাকেই সন্দেহভাজন বলে ধরা হচ্ছে।
খাইবার পাখতুনের ইন্সপেক্টর জেনারেল পুলিশ রেহমান মালিক জানান, মালালা ইউসুফজাইকে গুলি করার পর প্রাথমিকভাবে দায় স্বীকার করেছিল তেহরিক ই তালিবান পাকিস্তান। সে সময় তাদের মুখপাত্র হিসেবে ছিলেন এহসান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ লক্ষ্যে যে চিঠি ইস্যু করা হয় তাতে উল্লেখ করা হয়, এহসান এখন পুলিশের হেফাজতে আছেন। তিনি ভারত, আফগানিস্তান ও অন্যান্য দেশে সন্ত্রাসী কার্যক্রম নিয়ে বিভিন্ন তথ্য দিয়েছেন বলে উল্লেখ করা হয়। মালালাকে গুলি করার পেছনে মূল কারণ বের করা গুরুত্বপূর্ণ এবং কোনও দেশ এতে জড়িত আছে কিনা তা জানাও জরুরি বলে চিঠিতে জানানো হয়।
২০১২ সালের ৯ অক্টোবর মালালাকে স্কুলে যাওয়ার পথে মাথায় ও ঘাড়ে গুলি করে উগ্রপন্থীরা। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়া হয়। মালালা তার পরিবারের সঙ্গে এখন যুক্তরাজ্যে থাকে।
এমই





