রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাকিস্তান সফরে যাবেন। পাকিস্তানের সঙ্গে তরল গ্যাস পাইপলাইন প্রকল্পে খাতে দুইশ কোটি ডলারের চুক্তি করার জন্য আগামী কয়েক মাসের মধ্যে ইসলামাবাদ সফর করবেন পুতিন। পাকিস্তানের একটি ইংরেজি দৈনিক এ খবর দিয়েছে।
তিনি জুনের আগেই পাকিস্তান সফর করতে পারেন বলে এ প্রকল্পের সঙ্গে জড়িত এক শীর্ষস্থানীয় কর্মকর্তা জানিয়েছেন। ১১০০ কিলোমিটার এ পাইপলাইনের কাজ শেষ হলে দৈনিক ১.২ ট্রিলিয়ন ঘন ফুট গ্যাস করাচি থেকে লাহোরে পরিবহন করা হবে।
তিন পর্যায়ের এ প্রকল্পের প্রথম পর্যায়ে দুই বছরের মধ্যে শেষ হবে। পুরো প্রকল্প ২০১৯ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।
এদিকে সম্প্রতি মস্কো সফরকালে পাকিস্তানি কর্মকর্তা এবং জ্বালানি বিশেষজ্ঞরা রুশ জ্বালানি কোম্পানি গ্যাসপ্রোম, রোসতেক এবং রোসেনফিতের প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। দুই দশকের বেশি সময়ের মধ্যে এই প্রথম এ জাতীয় বৈঠক হলো।
এ ছাড়া, গত বছর রুশ প্রতিনিধি দলের সঙ্গে ইসলামাবাদে বৈঠকের সময় পাকিস্তান সফরের জন্য পুতিনকে আমন্ত্রণ জানিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
খবরে বলা হয়েছে, এলএনজি পাইপলাইন নামে পরিচিত এ প্রকল্পের মধ্য দিয়ে দেশ দুইটির মধ্যে কৌশলগত এবং রাজনৈতিক মৈত্রীর নতুন যুগের সূচনা হবে।
এমএম





