পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় বিদ্রোহীদের হামলায় দেশটির সেনা সদস্যসহ ৪৭ জন নিহত হয়েছে।
স্থানীয় সময় বুধবার ( ১৮ আগস্ট ) উত্তরাঞ্চলীয় আরবিন্দা শহরের কাছে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১৪ জন সেনাসদস্য, ৩০ জন বেসামরিক নাগরিক এবং বাকি ৩ জন সরকারসমর্থিত মিলিশিয়া সদস্য।
হামলার সময় সরকারি বাহিনীর সদস্যদের হাতে ১৬ বিদ্রোহী নিহত হয়েছে।
তবে একটি নিরাপত্তা সূত্র বলছে, হামলায় ৫৮ বিদ্রোহী নিহত হয়েছে। গত কয়েক বছর ধরেই আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত বিদ্রোহীরা বুরকিনা ফাসো এবং এর প্রতিবেশী মালি ও নাইজারে হামলা চালিয়ে আসছে।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত শত শত বেসামরিককে হত্যা করেছে বিদ্রোহীরা।
গত সপ্তাহে উত্তর-পশ্চিমাঞ্চলীয় বুরকিনা ফাসোতে সশস্ত্র বিদ্রোহীরা কমপক্ষে ১২ সেনাকে হত্যা করেছে।
তার কয়েক দিন আগেই বিদ্রোহীদের হাতে ৩০ জন নিহত হয়। নিহতদের মধ্যে বেশ কয়েক জন সেনাসদস্য।
এছাড়া বেসামরিক নাগরিক এবং সরকারসমর্থিত মিলিশিয়ার সদস্যও ছিল।
এইচএন





