[b]লণ্ডন:[/b] ইউরোপীয় ইউনিয়নের পর ব্রিটিশ পার্লামেন্টেও উঠছে বাংলাদেশের বহুল আলোচিত একতরফা নির্বাচনের বিল। বিতর্কের বিষয়টি ইতোমধ্যে ব্রিটিশ পার্লামেন্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
পার্লামেন্ট সূত্র আরো জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় অর্থাৎ বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ বিষয়ক অলপার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ার আন মেইন এমপি অধিবেশনের শুরুতেই এই বিতর্কের সূত্রপাত করবেন। আন মেইন কর্তৃক বিতর্কের সূত্রপাতের পর প্রথমেই সংক্ষিপ্ত আলোচনা করবেন লেবার দলীয় এমপি সায়মন ডানকাজ।
দুই ঘণ্টাব্যাপী এই বিতর্কে বাঙালি অধ্যুষিত এলাকার দুই এমপি রোশনারা আলী ও জিম ফিটজ পেট্রিক ছাড়াও সব দলের এমপিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
বিতর্কের পর বেলা ২টায় হাউস অব কমন্সে বিতর্কের আউটকাম নিয়ে সাংবাদিকদের বিফ্রিং করবেন সায়মন ডানকাজ।
ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে ব্রিটিশ সরকারের অবস্থান ব্যাখ্যা করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছে আন মেইন এমপি’র একটি ঘনিষ্ঠ সূত্র।
বাংলাদেশের চলমান রাজনীতি, সদ্য সমাপ্ত নির্বাচন ও সরকার গঠন, সংখ্যালঘুদের ওপর হামলা প্রভৃতি বিষয় নিয়ে পার্লামেন্টে বিতর্ক হবে বলে জানিয়েছে সূত্রটি।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1389853748.jpg[/img]
এর আগে, বাংলাদেশে হয়ে যাওয়া ৫ জানুয়ারির একতরফা ভোটারবিহীন নির্বাচন বাতিলের জন্য বিল উঠে বিশ্বের সর্ববৃহৎ পার্লামেন্ট ইউরোপিয়ান ইউনিয়নে।
সেই সাথে বিলের সঙ্গে রয়েছে নতুন নির্বাচনের বিলও। বেলজিয়াম বিএনপির ঐকান্তিক প্রচেষ্টায় এই বিল উঠছে ইইউয়ে। একই সাথে বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলী গুমের আন্তর্জাতিক তদন্তের বিলও উঠছে।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮দলীয় বিরোধীদের প্রধান জোটসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের বর্জনের মধ্যেই অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের ১০ম জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1389854096.jpg[/img]
নির্বাচনের দিনে বেলা ১২ থেকে ১ টা পর্যন্ত অর্থাৎ ভোট গ্রহণের অর্ধেকেরও বেশি সময় পর্যন্ত অধিকাংশ কেন্দ্রে ৫ থেকে ৭ শতাংশ ভোট পড়ে। এমনকি বেশ কিছু কেন্দ্রে কোন ভোট না পড়ারও নজীর সৃষ্টি হয়। কিন্তু হঠাৎ করেই বিকেলে ভোটের হিসাব দ্রুত পাল্টে যায়। ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি সকালের মতোই সামান্য থাকলেও ফলাফলে দেখানো হয় ভিন্ন চিত্র।
এমনকী শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের ফলাফলে বলা হয় প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে, যদিও দেশ বিদেশী একাধিক নির্বাচনী পর্যবেক্ষক সংস্থার দাবি সর্বোচ্চ ১০ থেকে ১২ শতাংশ ভোট পড়েছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1389854377.jpg[/img]
এদিকে, গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া দাবি করেন বিতর্কিত নির্বাচনে ৫ শতাংশের মতো ভোট পড়েছে।
এছাড়া নির্বাচনের দিনে দেশের বিভিন্ন প্রান্তে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থকদের জাল ভোট দেয়ার বেশ কিছু ঘটনা হাতে নাতে ধরা পড়ে সাংবাদিকদের কাছে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বেশ কিছু জাল ভোটের সচিত্র প্রতিবেদনও প্রকাশ ও প্রচারিত হয়।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1389854413.jpg[/img]
এমনই পটভূমিতে প্রধান বিরোধী জোটের পক্ষ থেকে জোরালো দাবি ওঠে বিতর্কিত ১০ম সংসদ নির্বাচন বাতিল করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একাদশ নির্বাচনের ব্যবস্থা করার।
আর এই প্রেক্ষাপটে ৫ জানুয়ারির নির্বাচন বাতিলের জন্য বিল উঠছে বিশ্বের সর্ববৃহৎ পার্লামেন্ট ইউরোপিয়ান ইউনিয়নে। তবে, আওয়ামী লীগ সরকার আগামী ৫ বছরই ক্ষমতায় থাকার ব্যাপারে দৃঢ় অভিমত ব্যক্ত করেছে এরই মধ্যে। এমনই বাস্তবতায় শেষ পর্যন্ত কী হয় সেটাই দেখার বিষয়।