পালাটানার পর এবার মনারচক থেকেও বাংলাদেশকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে সম্মতি জানিয়েছে ত্রিপুরা। উত্তর-পূর্ব ভারতের ছোট্ট রাজ্য ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী মানিক দে কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিয়েছেন যে মনারচক গ্যাস বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশকে বিদ্যুৎ দিতে তাঁর সরকারের আপত্তি নেই। শনিবার মুঠোফোনে মন্ত্রী নিজেই জানান এই খবর।
ত্রিপুরার সিপাহিজলা জেলার মনারচকে ভারত সরকারের রাষ্ট্রায়ত্ত সংস্থা নর্থইস্ট ইলেকট্রিক পাওয়ার করপোরেশন (নিপকো) গড়ে তোলে গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্রকল্প। ২০০২ সালে প্রকল্পের স্থাপনা নির্মাণ শুরু হলেও জানুয়ারিতে প্রকল্প বাস্তবায়নের কাজ শেষ হয়। কিন্তু প্রাকৃতিক গ্যাসের অভাবে মুখ থুবড়ে পড়ে ১০০ মেগাওয়াটের ওই বিদ্যুৎ প্রকল্প।
মানিক দে আরও বলেন, ‘ভারত সরকার থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, “বাংলাদেশকে মনারচক থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হলে ত্রিপুরার কোনো আপত্তি আছে কি না?” আমরা জানিয়ে দিয়েছি, আমাদের কোনো আপত্তি নেই।
পুরো ১০০ মেগাওয়াট বিদ্যুৎই বাংলাদেশকে দেওয়া যেতে পারে।’ সেই সঙ্গে তিনি জানান, প্রতিশ্রুতি অনুযায়ী পালাটানা থেকে দৈনিক গড়ে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত সর্বোচ্চ ১২০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করা হয়েছে। তবে কবে থেকে মনারচকের ১০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশ পাবে, সে সম্পর্কে কোনো আভাস দিতে পারেননি ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী।
এমআর





