বাংলাদেশে চলমান সহিংসতা বন্ধে সরকারকে শান্তিপূর্ণ উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠককালে বৃহস্পতিবার এ আহবান জানান তিনি।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দফতর থেকে বলা হয়েছে, বাংলাদেশে চলমান সহিংসতা বন্ধে সরকারকে শান্তিপূর্ণ উদ্যোগ নেয়ার আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেছেন, সব দলকে শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক মত প্রকাশের সুযোগ দেয়ার বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে। এ ছাড়া মানবাধিকার পরিস্থিতি নিশ্চিতে গঠনমূলক ভূমিকা রাখার জন্য স্বাধীন ও স্বচ্ছ গণমাধ্যমের প্রতিও জোর দেন তিনি।
বক্তব্যে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর নিন্দা জানান কেরি। তিনি বিরোধী দলগুলোকে দ্রুত এ ধরনের হামলা বন্ধের আহবান জানান।
কেরি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশে নিরীহ নাগরিকদের লক্ষ্য করে হামলার কৌশল ও রাজনৈতিক মত প্রকাশে বাধা বরদাস্ত করা যায় না।
সহিংসতা মোকাবেলায় তিন দিনব্যাপী বৈশ্বিক সম্মেলনের শেষ দিনে আবুল হাসান মাহমুদের সঙ্গে বৈঠকে এ সব কথা বলেন জন কেরি। ৭০টিরও বেশি রাষ্ট্র ওই সম্মেলনে অংশ নেয়।
কেএইচ





