সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির শনিবার সন্ধ্যায় দেশটিতে একটি নতুন সরকার গঠন করেছেন। নির্বাচনে জয়ী হওয়ার এক মাসেরও বেশি সময় পর তিনি এ সরকার গঠন করলেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
বশির গত মঙ্গলবার পরবর্তী পাঁচ বছরের জন্য শপথ নেয়ার সময় তার আগের মন্ত্রিসভা ভেঙে দেন। তিনি যুদ্ধাপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের তালিকাভুক্ত আসামি।
তিনি পররাষ্ট্র মন্ত্রী করেছেন ইবরাহিম ঘানদারকে। তিনি এর আগে প্রেসিডেন্টের সহকারি ছিলেন। তেল মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন মোহাম্মদ জায়েদকে। রাষ্ট্রীয় গণমাধ্যম আল সুদানের খবরে এটি বলা হয়েছে।
সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুস্তফা ওসমান ওবেইদকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি আব্দেলরহিম মোহামেদ হুসেনের স্থলাভিষিক্ত হবেন। আব্দেলরহিমও দারফুর সংঘাতে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের তালিকাভুক্ত আসামি।
বশিরের মন্ত্রিসভায় কমপক্ষে ৩১ জন স্থান পাবেন। এদিকে রোববার সকালে বশির খার্তুমের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী হুসেনসহ সুদানের ১৮ রাজ্যের গভর্নর নিয়োগের সিদ্ধান্ত সম্বলিত একটি ডিক্রি জারি করেছেন।
বশির গত সপ্তাহে শপথ নেয়ার সময় সুদানের জন্য ‘একটি নতুন অধ্যায়' সূচনার অঙ্গীকার করেন। তিনি পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার এবং দুর্নীতি মোকাবেলা ও দেশে শান্তি ফিরিয়ে আনার কথাও উল্লেখ করেন।
বশির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আগের অবস্থানেই বহাল রেখেছেন। যেমন অর্থমন্ত্রী হিসেবে বাদেরেলদিয়েন মাহমুদ ও স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে ইসমত আব্দুল রহমান বহাল রয়েছেন।
১৯৮৯ সালে ইসলামপন্থী অভ্যুত্থানের মাধ্যমে বশির দেশটিতে ক্ষমতায় আসেন।
জেডআই





