সরকারের সাথে যে শান্তি আলোচনার হয়েছে, সে বিষয়ে দলের উর্ধ্বতন নেতাদের অবহিত করতে বৈঠক করছেন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর প্রতিনিধিরা।
শনিবার বিকেলে পাকিস্তানের ইংরেজী দৈনিক ডন-এর অনলাইন সংস্করণে এ তথ্য জানানো হয়েছে।
সরকারের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, "আমি নিশ্চিত করতে পারি যে, প্রফেসর মুহাম্মদ ইব্রাহিম খান এবং মাওলানা ইউসুফ শাহ যাতে পেশোয়ার থেকে উত্তর ওয়াজিরিস্থানে গিয়ে টিটিপি'র উর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করতে পারেন সেজন্য সরকারের পক্ষ থেকে একটি হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে।"
অপর একটি সূত্রে জানা গেছে, উত্তর ওয়াজিরিস্থানের একটি গোপনস্থানে তালিবানের 'সর্বোচ্চ শুরা' বৈঠক আহ্বান করা হয়েছে। তালিবান নেতা শেখ খালিদ হক্কানির সভাপতিত্বে এই বৈঠকে প্রফেসর মুহাম্মদ ইব্রাহিম খান এবং মাওলানা ইউসুফ শাহ উপস্থিত থাকার কথা রয়েছে।
সরকারের সাথে যে শান্তি আলোচনা হয়েছে সে বিষয়ে তালিবান নেতাদের অবহিত করবেন তালিবানদের মনোনিত প্রতিনিধি প্রফেসর মুহাম্মদ ইব্রাহিম খান এবং মাওলানা ইউসুফ শাহ।
সাত বছর ধরে চলতে থাকা রক্তাক্ত বিদ্রোহের অবসান ঘটানোর লক্ষ্যে গত মঙ্গলবার সরকার এবং তালিবানদের মধ্যে প্রথম দফা শান্তি আলোচনা হয়।
ঢাকা,৮ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)// টিআই