সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত লি কুয়ান ইউকে আজ শেষ বিদায় জানাবে দেশটির অধিবাসীরা। যথাযোগ্য মর্যাদায় জাতির পিতাকে শেষ বিদায় জানাতে নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি।
আজ (রোববার) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় তাঁর রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, প্রয়াত এই নেতার শেষকৃত্যে বিশ্ব নেতারাসহ সিঙ্গাপুরের হাজারো মানুষ অংশ নেবেন।
৯১ বছর বয়সী লি কুয়ান গত সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ৩১ বছর সিঙ্গাপুরের সরকারপ্রধান ছিলেন।

তাঁর শাসনামলে দেশটি দরিদ্র ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত এবং মালয়েশিয়া থেকে আলাদা হয়ে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ অর্থনীতির দেশগুলোর একটিতে পরিণত হয়।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গত এক সপ্তাহ ধরে লি কুয়ানের প্রতি লাখো মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। এর মধ্যে চার লাখ ১৫ হাজারের বেশি মানুষ পার্লামেন্ট হাউসে গিয়ে সেখানে রাখা লি কুয়ানের মরদেহের প্রতি শ্রদ্ধা জানান, যা সিঙ্গাপুরের মোট জনসংখ্যার ১২ শতাংশ। এ ছাড়া বিভিন্ন জায়গায় তাঁর ছবি রেখে শ্রদ্ধা জানান সাড়ে আট লাখ মানুষ।
শেষকৃত্য উপলক্ষে আজ লি কুয়ানের কফিন নিয়ে শোভাযাত্রা বের হবে। এর পর শেষকৃত্যের জন্য কফিন নেওয়া হবে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরে। সেখানে অংশ নেবেন জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের প্রধানমন্ত্রী। থাকছেন দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মালয়েশিয়ার রাজা, মার্কিন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার, যুক্তরাজ্যের প্রতিনিধিসহ বিশ্ব নেতৃবৃন্দ। শেষকৃত্য শেষে তাঁর মরদেহ পারিবারিকভাবে সমাহিত করা হবে।

কেবি





