সীমান্তে চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে ভারতের স্পেশাল ফোর্সের এক সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন।

গতকাল (০১ সেপ্টেম্বর) মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির বরাতে দ্য গার্ডিয়ান এই তথ্য জানায়।

হিমালয় সীমান্তে গত শনিবার রাতে চীনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

নির্বাসনে থাকা তিব্বতীয় পার্লামেন্টের সদস্য নমগ্যাল দোলকার লাঘারি বার্তা সংস্থা এএফপিকে বলেন, শনিবার রাতের সংঘর্ষে তিব্বতের বংশোদ্ভূত এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। আরেক সেনা আহত হন।

নিহত ভারতীয় সেনার নাম জানা যায়নি। তবে নমগ্যাল জানান, নিহত সেনা ভারতের স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের (এসএফএফ) সদস্য। তিনি তিব্বতীয় বংশোদ্ভূত।

সীমান্তে চীনের সঙ্গে ভারতের নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। নতুন করে সীমান্ত উত্তেজনার জেরে প্রথম কোনো প্রাণহানির খবর পাওয়া গেল।

দুই আঞ্চলিক শক্তির মধ্যে এই উত্তেজনা থেকে বড় ধরনের সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা করা হচ্ছে।
মাস দুয়েক আগে চীনা সেনাদের সঙ্গে সীমান্ত সংঘাতে ভারতের ২০ সেনা নিহত হয়েছিলেন। সেই সংঘাতে চীনা সেনারাও হতাহত হন। তবে তারা কোনো সংখ্যা উল্লেখ করেনি।

এমবি