মিশরের রাজধানী কায়রোতে ৮ তলা এক ভবন ধসে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। গত রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
কায়রোর উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাটি ঘন বসতিসম্পন্ন বলে জানা গেছে। বুলডোজার দিয়ে ভবনের ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। জরুরী সার্ভিস কর্মী, সেনাবাহিনী এবং স্থানীয় লোকজন উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।
স্থানীয় অধিবাসী আহমেদ ফাউজি এক টেলিভিশন চ্যানেলকে জানান, মাত্র ৪ জন ভবন থেকে জীবিত ও সুস্থ অবস্থায় বেরিয়ে আসতে পেরেছেন। তিনি জানান, অবৈধভাবে ভবন নির্মাণের কারণেই এটি ধসে পড়েছে।
মিশরে ভবন ধসে পড়ার ঘটনা নতুন কিছু নয়। দেশটিতে অনেক পুরনো ভবনেও লোকজন বসবাস করে আসছেন। আবার, কোন নিয়ম নীতি না মেনে এবং অনুমোদন ছাড়াই নতুন নতুন ভবন নির্মিত হচ্ছে। ভবন নির্মাণে মান নির্ধারণও হয় না।
এমএ





