থাইল্যান্ডের সামরিক সরকারকে রাজা ভূমিবল আদুলিয়াদেজ অনুমোদন দিয়েছেন বলে দাবি করেছেন অভ্যুত্থানকারী জেনারেল প্রায়ুথ চ্যান-ওছা। এর মাধ্যমে মূলত নিজের ক্ষমতা দখলকে 'বৈধ' করতে চাইলেন জেনারেল প্রায়ুথ। খবর আল জাজিরার। গত সপ্তাহে ক্ষমতা দখলের পর আজ সোমবার তিনি জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এ দাবি করেন। দেশের রাজনৈতিক অবস্থার উন্নয়নে তিনি সঠিকভাবে আইনের প্রয়োগ করবেন বলেও জানান তিনি। জেনারেল প্রায়ুথ তার ভাষণে বলেন, "দেশের জন্য এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা। সংঘর্ষ যখন ব্যাপক হারে বৃদ্ধি পায়, সহিংসতার হুমকি দেখা দেয় তখন আমাদেরকে কাজ করতে হয়।" গত ছয় মাস ধরে চলা রাজনৈতিক উত্তেজনার অবসান ঘটাতে গত বৃহস্পতিবার সেনাবাহিনী ক্ষমতা দখল করে নেয়। প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার অবসানের দাবিতে বিরোধীরা প্রায় ছয় মাস ধরে আন্দোলন করে আসছিলেন। সেনাবাহিনী ক্ষমতা দখল করেই কঠোর হস্তে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। বহু বেসামরিক লোককে আটক করা হয়েছে, এর মধ্যে ইংলাক সরকারের লোকজনই বেশি। এ ছাড়া, সংবিধান রহিত করা হয়েছে, সিনেট ভেঙ্গে দেয়া হয়েছে, মিডিয়ার ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। সূত্র: আল জাজিরা [b]ঢাকা, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]