কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা লাইন অব কন্ট্রোলে আবারও গুলি বিনিময় হয়েছে।
রোববার সীমান্তের ভিমবার সেক্টরে ভারত ও পাকিস্তানের সেনারা এই গুলি বিনিময় করে।
পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃজনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর ডন অনলাইনের।
এতে বলা হয়েছে, ভোর সাড়ে ৪টার দিকে ভিমবার খুইরেটা এলাকায় এই গুলি বিনিময় শুরু হয়, চলে সকাল ৭টা পর্যন্ত।
তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে উল্লেখ করেছে আইএসপিআর।
বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী 'বিনা উস্কানিতে' গুলি চালায়। পরে পাকিস্তানের সেনাবাহিনী তাদের উপযুক্ত জবাব দিয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর উরিতে ১৯ ভারতীয় সৈন্য নিহতের পর পরমাণু শক্তিধর দু'দেশের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। ইতিমধ্যে ভারত পাকিস্তানের ভেতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইকের দাবি করেছে।
এমবি





