গ্রিসে কবর থেকে একজন মৃত মানুষের চিৎকার শোনা গেছে। এমন অবিশ্বাস্য ঘটনাটিই ঘটেছে দেশটিতে গত বৃহস্পতিবার। তবে, কবর খোঁড়ার পর ওই মৃত মানুষটিকে মৃত অবস্থায়ই পাওয়া গেছে। খবর মিরর অনলাইনের।
জানা গেছে, বৃহস্পতিবার গ্রিসের থেসালোনিকি শহরের পারিয়ায় ৪৫ বছর বয়সী এক নারীকে কবর দেওয়া হয়। কবরের কাছ থেকে সবাই সরে যাওয়ার পর পরই পাশে থাকা বাসিন্দা ও খেলাধূলারত একদল শিশু লাশটির চিৎকার শুনতে পায়। এর আগে ক্যান্সারের কারণে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাশে থাকা বাসিন্দা ও শিশুরা জানায়, কবর থেকে সাহায্য চেয়ে চিৎকারের শব্দ আসছিল। তখন শিশুরা সেখানে খেলাধুলা করছিল। এর পর পুলিশকে জানালে কবরটি আবার খোঁড়া হয় কিন্তু ওই নারীকে মৃত অবস্থায়ই পাওয়া যায়।
লাশটি পরীক্ষা করে এক চিকিৎসক জানান, তিনি কয়েক ঘণ্টা আগে মারা গেছেন। কোনো অবস্থাতেই তিনি পুনরুজ্জীবিত হতে পারেন না। ওই চিকিৎসক গ্রিক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "আমি এটি বিশ্বাস করি না।"
তিনি আরও বলেন, "কেউ হার্টফেল করে মারা গেলে আমরা কয়েকবার পরীক্ষা করি। তার জীবিত হওয়ার কোনো প্রশ্নই আসে না।"
তবে নিহতের আত্মীয়স্বজনরা জানিয়েছেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ করার কথা ভাবছেন তারা। সূত্র : মিরর অনলাইন
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





