সিরিয়ায় সাম্প্রতিক মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইয়েমেন ও সিরিয়ায় উগ্র জঙ্গি গোষ্ঠীগুলো বিশেষ করে আল-কায়েদা ও দায়েশ জঙ্গিগোষ্ঠির পক্ষ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

তিনি এক টুইটার বার্তায় বলেছেন, ৯/১১ হামলার পর দুই দশক অতিক্রান্ত হওয়ার আগেই আল-কায়েদা ও দায়েশের পক্ষে চলে গেছে আমেরিকা। জারিফ বলেন, মার্কিন সরকার এমন সময় সিরিয়াকে রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য অভিযুক্ত করছে যখন আমেরিকার সরবরাহ করা রাসায়নিক অস্ত্র দিয়ে ইরাকের সাবেক সাদ্দাম সরকার হাজার হাজার মানুষকে হত্যা করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাদ্দামের রাসায়নিক হামলার শিকার দেশ হিসেবে ইরান যেকোনো কারো পক্ষ থেকে যেকোনো কারো বিপক্ষে রাসায়নিক অস্ত্র প্রয়োগের বিরোধিতা করছে।

জারিফ বলেন, ১৯৮০’র দশকে সাদ্দামকে এই আমেরিকা রাসায়নিক অস্ত্র দিয়েছিল। সেই আমেরিকা চলতি সহস্রাব্দে রাসায়নিক অস্ত্র থাকার মিথ্যা অজুহাতে দু’টি সামরিক আগ্রাসন চালিয়েছে। এর একটি ২০০৩ সালে ইরাকের বিরুদ্ধে এবং ২০১৭ সালের ৭ এপ্রিল সিরিয়ায়। তিনি স্বাধীন সার্বভৌম দেশ সিরিয়ার বিরুদ্ধে আমেরিকার এ আগ্রসনের নিন্দা জানানোর জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।
জেড