আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ (সোমবার) তালেবানদের এক ভয়াবহ আত্মঘাতি বোমা হামলায় ১০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
দেশটির পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে হতাহতের এই তথ্য জানানো হয়েছে।
যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানের ডেপুটি স্বরাষ্ট্র মন্ত্রী আইয়ুব সালাংগি এক টুইট বার্তায় ১০ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির এক ফটোগ্রাফার ঘটনাস্থল থেকে জানান, আত্মঘাতি হামলার পর সেখানে কয়েকটি মৃহদেহ পড়ে থাকতে দেখা যায়। হামলার পর পরই এর দায় স্বীকার করেছে আমেরিকার নেতৃত্বাধীন আফগান সরকারের বিরুদ্ধ যুদ্ধরত তালেবান বাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানান, আত্মঘাতি হামলায় ব্যবহৃত বোমাটি ছিল অত্যন্ত শক্তিশালী এবং বিস্ফোরণের পর পরই ঘটনাস্থলে দ্রুত পৌছে যায় উদ্ধারকারী অ্যাম্বুলেস।
উল্লেখ্য, গত জানুয়ারি (২০১৬) মাসে আফগানিস্তানের রাজধানী কাবুলে এরকম বেশ কয়েকটি আত্মঘাতি হামলা চালানো হয়েছে। এর মধ্যে এক হামলায় একটি প্রাইভেট টেলিভিশনের সাত সাংবাদিক নিহত হয়েছেন। সাম্প্রতিক সময়ে দখলদার আমেরিকার মদদপুষ্ট সরকারের বিরুদ্ধ তালেবানের জঙ্গি হামলার মাত্রা বৃদ্ধি পেয়েছে।
আফগানিস্তানে সরকারবিরোধী হামলার মাত্রা দিন দিন বাড়ছে বলেও আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে। বিশেষ করে গত বছর (২০১৫) সশস্ত্র আন্দোলনকারী ও ক্ষমতাসীনদের মধ্যে এক শান্তি আলোচনার পক্রিয়া থমকে যাবার পর থেকেই এ ধরনের হামলা নতুন করে বেড়ে যায়। (সূত্র: আলজাজিরা ও অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম)
কেবি





