এপ্রিলের ৭ তারিখ থেকে শুরু হচ্ছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের নির্বাচন। ভোটগ্রহণ হবে নয়দিন। ভোটগ্রহণ শেষ হবে মে মাসের ১২ তারিখে। ফল প্রকাশ করা হবে ১৬ মে। বুধবার এ খবর জানিয়েছে এনডিটিভি।
এবারের জাতীয় অর্থ্যাৎ লোকসভা নির্বাচনে মোট ভোটার প্রায় ৮১ কোটি ৪০ লক্ষ। ২০০৯ সালে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের চেয়ে এবার ভোটারের সংখ্যা ১০ কোটি বেশি।
এদিকে, অন্ধ্র প্রদেশ, সিকিম ও উড়িষ্যায় লোকসভার সঙ্গে যুগপৎভাবে রাজ্যসভা অর্থ্যাৎ বিধানসভার নির্বাচনও হবে।
এবারের মূল লড়াইটা হবে বরাবরের মতোই কংগ্রেস ও বিজেপির মধ্যে। কংগ্রেস থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী রাহুল গান্ধী, আর বিজেপি থেকে প্রার্থী নরেন্দ্র মোদি। তবে, বিভিন্ন জনমত জরিপ বলছে এবার মোদির বিজেপিই সরকার গঠন করতে যাচ্ছে। বিশ্লেষকরাও বিজেপিকেই এখন ভারতের বৃহত্তম দল হিসেবে গণ্য করছেন।
তবে, গত প্রায় আড়াই দশক ধরে কোন একক দল সরকার গঠন করতে পারছে না। ১৯৮৯ থেকেই জোট করে সরকার গঠন করতে হচ্ছে।
এবারের নির্বাচনে নবাগত আম আদমি পার্টি চমক দেখাতে পারে। প্রাক্তন কর পরিদর্শক অরবিন্দ কেজরিওয়ালের এই পার্টি দুর্নীতি বিরোধী ইমেজকে কাজে লাগিয়ে তাক লাগাতে পারে। ইতোমধ্যেই রাজধানী নয়াদিল্লির আঞ্চলিক অর্থ্যাৎ বিধানসভা নির্বাচনে ২৮টি আসনে জয়লাভ করে চমক লাগিয়েছে আদমি পার্টি। তবে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঝামেলা পাকিয়ে পদত্যাগও করেছে কেজরিওয়ালের আঞ্চলিক সরকার। দলটি এবার জাতীয় নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবে। জাতীয় নির্বাচনেও চমক লাগানোর সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা।
লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ৭, ৯, ১০, ১২, ১৪, ২৫, ৩০ এপ্রিল এবং ৭ ও ১২ মে। সূত্র: এনডিটিভি
[b]ঢাকা, ৫ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ  [/b]