ইসলামিক স্টেটের (আইএস) হামলা ও বিদ্রোহীদের সঙ্গে নতুন করে সংঘর্ষে ইরাকে অন্তত ২৭ জন নিহত হয়েছেন।

সালাউদ্দিন ও আনবার প্রদেশে বৃহস্পতিবার পৃথক পৃথক বোমা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। নিরাপত্তাবাহিনীর সূত্রে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

খবরে বলা হয়, নতুন সংঘর্ষে সালাউদ্দিন প্রদেশে ১৯ জন ও আনবার প্রদেশে আটজন নিহত হয়েছেন।

সালাউদ্দিনে নিহত ১৯ জনের সবাই জিহাদি। এদের মধ্যে ১৫ জনই আইএসের যোদ্ধা।

খবরে বলা হয়েছে, সালিউদ্দিন প্রদেশে সংঘর্ষে সেনাবাহিনীর হাতে নিহত হয়েছেন আইএসের ছয় জিহাদি। একই প্রদেশের সামারায় নিহত হয়েছেন হাসিব সাবি নামে একটি জিহাদি সংগঠনের চার সদস্য। এছাড়া আলম শহরে আইএসের ৯ সদস্য নিহত হয়েছেন।

এদিকে আনবার প্রদেশের রাজধানী রামাদিতে আইএসের হাতে নিহত হয়েছেন ছয় সৈনিক।

একই প্রদেশের ফাল্লুজাহ শহরে সংঘর্ষের বলি হয়েছেন এক নারী ও এক শিশু।

কেএইচ