জয়রাম জয়ললিতাভারতের তামিলনাড়ু রাজ্যের কারারুদ্ধ সাবেক মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতার জামিন আবেদন প্রত্যাখ্যান করেছেন কর্ণাটক হাইকোর্ট। জয়ললিতার জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার আদালত এই আদেশ দেন।

জয়ললিতাকে জামিন দেওয়া হয়েছে—তাঁর আইনজীবীর দেওয়া এমন খবরের পর এডিএমকে সমর্থকদের উল্লসিত দেখা গিয়েছিল। কিন্তু এর পরপরই সাবেক মুখ্যমন্ত্রীর জামিন হয়নি বলে হাইকোর্ট রায় দেন।

ইন্দো-এশীয় নিউজ সার্ভিসের (আইএএনএস) খবরে বলা হয়, জয়ললিতার জামিন আবেদনের ওপর শুনানি করেন বিচারপতি এ ভি চন্দ্রশেখর। তিনি সাবেক মুখ্যমন্ত্রীর চার বছর সাজা স্থগিতের বিপক্ষেও রায় দেন। যদিও রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি জি ভবানি জয়ললিতার জামিন আবেদনের বিরোধিতা করেননি।

দুর্নীতির দায়ে কর্ণাটকের একটি বিশেষ আদালত গত ২৭ সেপ্টেম্বর এআইএডিএমকে নেত্রী জয়ললিতাকে চার বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে আদালত তাঁকে ১০০ কোটি রুপি জরিমানা করেন।

কেএ